১ মার্চ ২০১৫ - ০৮:৪৬
ইখওয়ানের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি’র যাবজ্জীবন

মিশরের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আবনা : মিশরের নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে কায়রোয় ইখওয়ানের দপ্তরে হামলাকারী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ ‘প্রমাণিত’ হয়েছে।
এ মামলায় বাদিয়ি’র অপর তিন সহ আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইখওয়ানের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত বাদিয়ি এর আগে অন্য তিন মামলায় আরো তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পেয়েছিলেন।
বিক্ষোভকারীদের হত্যা মামলায় মোহাম্মাদ বাদিয়ি’র দুই ডেপুটি খয়রাত আশ-শাতের ও সা’দ আল-কাতাতনি’সহ আরো ১৪ জনকে যাবজ্জীবন দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত সবার বিরুদ্ধে অস্ত্র বহন, হত্যা ও হত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। অবশ্য আদালতের আজকের রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
আজ (শনিবার) আদালতের রায় ঘোষণার সময় ইখওয়ান নেতা বাদিয়ি’সহ অন্য অভিযুক্তরা রায় প্রত্যাখ্যান করে ‘সামরিক শাসন ধ্বংস হোক’ বলে শ্লোগান দেন।
২০১৩ সালের ৩০ জুন কায়রোয় একদল বিক্ষোভকারী ইখওয়ানের সদর দপ্তরে ঢুকে পড়ে। দলের নেতাকর্মীদের পাল্টা হামলায় ১২ জন বিক্ষোভকারী নিহত ও ৯০ জন আহত হয়। ওই ঘটনার তিনদিন পর ইখওয়ান সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।#