১৫ মার্চ ২০১৫ - ১৪:৪৫
৭২ ঘণ্টার মধ্যেই আইএস মুক্ত হবে তিকরিত

ইরাকি বাহিনী আগামী তিন দিনের মধ্যে আইএসআইএলের কাছ থেকে তিকরিতর শহর পুর্নদখলের ঘোষণা দিয়েছে।

আবনা : ইরাকি বাহিনী আগামী তিন দিনের মধ্যে আইএসআইএলের কাছ থেকে তিকরিতর শহর পুর্নদখলের ঘোষণা দিয়েছে। সরকারি বাহিনীর পাশাপাশি যুদ্ধরত অন্যতম শিয়া মিলিশিয়া ব্রিগেডের প্রধান মুয়াইন আল-খামদি বলেন, আইএসআইএল সন্ত্রাসীরা এখনও তিকরিত শহরের কেন্দ্রস্থলের ৭০ শতাংশ দখল করে আছে। তবে তিনি বলেন, তিকরিত মুক্ত হবেই এবং প্রয়োজনে রাস্তায় রাস্তায় যুদ্ধ হতে পারে। ইরাকের বাদ্র স্বেচ্ছাসেবী বাহিনীর কমান্ডার কারিম আন-নূরি বলেছেন, তিকরিত শহর থেকে সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএসআইএলকে উৎখাত করতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। তিকরিতের দক্ষিণে আওজা গ্রাম থেকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি শনিবার এসব কথা বলেছেন।
কমান্ডার নূরি বলেন, তিকরিত শহরে অবস্থানরত আইএস সন্ত্রাসীদের চারদিক থেকে ঘিরে ফেলা হবে; শহরে তাদের সংখ্যা এখন ৬০ থেকে ৭০ জন। তিনি বলেন, তিকরিত শহরে আইএসআইএলের পেতে রাখা বিস্ফোরক পরিষ্কার করার পরই শহরকে মুক্ত বলে ঘোষণা করা হবে। ইরাকি সৈন্য ও মিলিশিয়ারা একটি পুলিশ সদর দফতর ও একটি হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনার আবার নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, নগরীর কেন্দ্রস্থলের মাত্র এক কিলোমিটার দূর থেকে গোলা নিক্ষেপ ও ক্ষুদ্রাস্ত্র দিয়ে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। ইরান সমর্থিত বদর ব্রিগেডের কমান্ডার মুয়াইন আল-খামদি বলেন, আইএসআইএল সন্ত্রাসীদেরকে তাদের অবস্থান থেকে বিতাড়িত করতে সরকারপন্থী সৈন্যরা প্রথমে জিহাদিদের দখলকৃত এলাকাগুলো ঘেরাও করবে। এরপর তাদের ওপর হামলা করা হবে। কয়েকশ মিলিশিয়াও তিকরিত নগরীর বাইরে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইএসআইএলের কাছ থেকে তিকরিতের আবার নিয়ন্ত্রণ নিতে প্রায় তিন হাজার ইরাকি সৈন্য, শিয়া ও সুন্নিদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনীর ২০ হাজার সদস্য লড়াই করছে। এর আগে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেদি বলেন, তিকরিতের আবার নিয়ন্ত্রণ লাভ হবে আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট। তবে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও আত্মঘাতী গাড়িবোমা হামলার কারণে নগরীর কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে ইরাকি বাহিনী বারবার বাধার সম্মুখীন হচ্ছে। ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত। আইএসআইএল গত জুনে তিকরিতসহ ইরাকের বেশ কয়েকটি এলাকা যখন দখল করেছিল তখন সাদ্দাম হোসেনের বাথ পার্টির প্রতি বিশ্বস্ত সরকারবিরোধীরা জিহাদিদের সহযোগিতা করেছিল। এএফপি।