২০ মার্চ ২০১৫ - ১৪:৩৩
ইয়েমেনের ২ মসজিদে ৩ বোমা হামলা: নিহত অন্তত ৭৭

ইয়েমেনের রাজধানী সানার শিয়া হুথি যোদ্ধাদের কয়েকটি মসজিদে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছে।

আবনা : ইয়েমেনের রাজধানী সানার শিয়া হুথি যোদ্ধাদের কয়েকটি মসজিদে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছে। এসব পাশবিক হামলায় আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ সানা’র বাদ্‌র মসজিদের ভেতর আজ (শুক্রবার) জুমার নামাজের সময় প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কিত মুসল্লিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে মসজিদটির গেটে দ্বিতীয় বোমা হামলা চালায় উগ্র জঙ্গিরা। এ ছাড়া, তৃতীয় বোমা হামলাটি চালানো হয় উত্তর সানা’র আল-হাশাহুশ মসজিদে। এসব বিস্ফোরণের পর ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। যত্রতত্র মানবদেহের মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। রক্তে ভেসে যায় গোটা এলাকা।
আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে এসব হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদেরকে রাজধানী সানার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, আহত মুসল্লিদের চিকিৎসার জন্য হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে রক্তের আবেদন জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে আল-কায়েদাসহ আরো কিছু জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে ইয়েমেনে এবং নামাজরত মুসল্লিদের হত্যা করতে এসব গোষ্ঠী দ্বিধা করে না।
ইয়েমেনের বন্দর নগরী এডেনে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থক ও বিরোধীদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের একদিন পর জুমার নামাজের মুসল্লিদের ওপর হামলা চালানো হলো। ওই বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন নিহত হয় এবং এর জের ধরে এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।#