২০ মার্চ ২০১৫ - ১৪:৩৬
ওপেকে হারানো অবস্থান ফিরে পেতে যাচ্ছে ইরান

শিল্পখাতের পর্যবেক্ষকরা বলেছেন, দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে হারানো অবস্থান আবার ফিরে পেতে পারবে ইরান।

আবনা : শিল্পখাতের পর্যবেক্ষকরা বলেছেন, দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হিসেবে হারানো অবস্থান আবার ফিরে পেতে পারবে ইরান। মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এ অবস্থান ইরান অনায়াসে ফিরে পেতে পারবে বলে তারা মনে করছেন।
পর্যবেক্ষকরা মনে করছেন, মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর দৈনিক আরো ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করতে পারবে ইরান।
এদিকে, ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জানগেনেহ্‌ বলেছেন, কয়েক মাসের মধ্যে তেল উত্তোলন ৩৮ লাখ ব্যারেলে নিয়ে যেতে পারবে ইরান। আর এর মধ্য দিয়ে তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে সৌদি আরবের পরই হবে ইরানের অবস্থান।
অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ইরানের এ দাবি প্রসঙ্গে বলেছে, নিষেধাজ্ঞা হয়ত ধীরে ধীরে প্রত্যাহার করা হবে তাই তেল উৎপাদনের মাত্রা এ পর্যায়ে নিতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে; তবে ইরানের যে এ জাতীয় ক্ষমতা আছে, শিল্পখাতের পর্যবেক্ষকরা সে বিষয়ে একমত।
১৯টি দেশের প্যারিসভিত্তিক জ্বালানি বিষয়ক উপদেষ্টা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের তিন মাসের মধ্যে ইরান দৈনিক ৩৬ লাখ ব্যারেল তেল উত্তোলন করতে পারবে।
অপরিশোধিত তেল বিশ্ব বাজারে ছাড়ারও প্রস্তুতি নিচ্ছে ইরান। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এশিয়ার অন্তত তিনটি ক্রেতার কাছে তেল বিক্রির জন্য ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি এরইমধ্যে আলোচনার শুরু করেছে। এ আলোচনার সঙ্গে সরাসরি জড়িত এমন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছ ব্লুমবার্গ।
এ ছাড়া, নিষেধাজ্ঞা-পূর্ব অবস্থানে ফিরে যাওয়ার পাশাপাশি আরো ১০ লাখ ব্যারেল তেল উত্তোলনের প্রস্তুতি ইরান নিয়েছে বলে জানিয়েছেন তেলমন্ত্রী বিজান নামদার। তিনি বলেন,  প্রতিবেশি দেশগুলোর সীমান্তে অবস্থিত তেলক্ষেত্র উন্নয়নের মধ্য দিয়ে এ উৎপাদন বাড়ানো হবে।#