আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানের দক্ষিন-পূর্ব অঞ্চলীয় খোস্ত প্রদেশের গভর্নর ভবনের কাছাকাছি সকাল ১০ টার দিকে ঐ হামলা চালানো হয়। প্রদেশের মূখপাত্র ‘মোবারেজ মুহাম্মাদ যাদরান’ জানিয়েছেন, হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত এবং ৬৪ জন আহত হয়েছে। আহতদের মাঝে জাতীয় সংসদে খোস্তের সদস্য ‘হুমায়ন হুমায়ন’ও রয়েছেন।
তার ভাষ্যমতে, নিহতদের মাঝে খোস্তের গোত্র ভিত্তিক পরিষদের প্রধান ‘খান যামান সাবরি’, প্রাদেশিক পরিষদ নির্বাচনের দুই প্রার্থী এবং কয়েকজন শিক্ষকও রয়েছেন। আত্মঘাতী ব্যক্তি পায়ে হেটে ঐ হামলা চালিয়েছে বলে তিনি জানান।
তালেবানের অফিসিয়াল মূখপাত্র ‘জাবিহুল্লাহ মুজাহিদ’ ঘোষণা করেছেন, এ হামলার সাথে তালেবান জড়িত নয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর কোন দলও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
হাজার হাজার বিক্ষোভকারী খোস্তের গভর্নর ‘আব্দুল জব্বার নাঈমি’র বাসভবনের দিকে অগ্রসর হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মঘাতী ব্যক্তি বিক্ষোভকারীদের মাঝে তার সাথে থাকা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, আফগানিস্তানের দক্ষিন-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত দেশটির অন্যতম অনিরাপদ প্রদেশ হিসেবে বিবেচিত।#