৫ এপ্রিল ২০১৫ - ০৭:৩৩

ইয়েমেনের মা’রেব শহরের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আবনা : ইয়েমেনের মা’রেব শহরের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শহরের বিভিন্ন ভবন ও স্থাপনায় বোমা ফেলা হয়েছে। এর ফলে কয়েকটি ভবন ধ্বংস ও বেশ কয়েক জন নিহত হয়েছে। এছাড়া এডেন শহরের পূর্ব, উত্তর ও মধ্যাঞ্চলেও সৌদি জোট বিমান হামলা চালিয়েছে। তবে সেখানে কোন দেশের বিমান থেকে বোমা ফেলা হয়েছে তা স্পষ্ট নয়।
এডেনেও বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আনসারুল্লাহর যোদ্ধারা শহরের কেন্দ্রস্থল থেকে পূর্বাঞ্চল অভিমুখে যাত্রা শুরু করেছে। ‘ধালে’ শহরের নিয়ন্ত্রণ নিয়ে আল-কায়েদা গেরিলাদের সঙ্গে আনসারুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ চলছে। আনসারুল্লাহ শহরের কেন্দ্রীয় কারাগার নিয়ন্ত্রণ করছে বলে খবর পাওয়া গেছে। সৌদি আরব ইয়েমেনের আল-কায়েদা গেরিলাদেরকে প্রকাশ্যে অস্ত্র দেয়া শুরু করায় তাদের নৃশংসতা বেড়ে গেছে।
এদিকে, ইয়েমেনে স্থল অভিযান শুরুর বিষয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বৈঠক করেছে। এক লাখ সেনা ও গেরিলা এবং ৯০টি হেলিকপ্টার স্থল অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন আরব দেশের ২০ হাজার নিয়মিত সেনা থাকছে। #