আবনা : ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মান্দাব সম্পর্কে মিশরের সিসি সরকারসহ কোনো কোনো সরকারের আতঙ্ক ছড়ানোর বিষয়টিকে ইয়েমেনে সৌদি-মার্কিন আগ্রাসনের অজুহাত বলে নিন্দা জানিয়েছে।
আনসারুল্লাহ'র মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম এ সম্পর্কে ইন্টারনেটের সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের নিজ পেইজে লিখেছেন: আমরা আগেই মিশরের সরকার ও জাতিকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছি যে, ইয়েমেনের সরকার ও জনগণ বাব আল মান্দাব সম্পর্কে আতঙ্ক বা যে কোনো উদ্বেগ দূর করার জন্য সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি।
এ ধরনের কৃত্রিম আতঙ্ক (বাব আল মান্দাব প্রণালীতে) আন্তর্জাতিক নৌ চলাচলের ওপর যে প্রভাব ফেলছে সে বিষয়েও আনসারুল্লাহ সংলাপে বসতে প্রস্তুত বলে তিনি জানান।
আবদুস সালাম লিখেছেন: আমরা আবারও আমাদের মিশরীয় ভাইদের জোর দিয়ে জানাচ্ছি যে এইসব উদ্বেগ ও ভয় ভিত্তিহীন; ইয়েমেনিদের রক্ত ঝরানোর কাজে মিশর সরকারকে জড়ানোর জন্যই এ ধরনের আতঙ্ক ছড়ানো হচ্ছে।
তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসনে শরিক দেশগুলোর নাগরিকসহ তার দেশে উপস্থিত বিদেশী সব নাগরিককে বন্ধু ও ভাই হিসেবে অভিহিত করেন এবং তাদের অভয় দিয়ে লিখেছেন: 'আপনাদের নিজ নিজ সরকারের নীতির কারণে আপনাদের ব্যাপারে আমাদের আচরণ প্রভাবিত হবে না, কারণ আমরা খুব ভালোভাবেই জানি যে আরব ও মুসলিম জাতিগুলো সৌদি-মার্কিন-ইহুদিবাদী জোটের বিরোধী; কারণ এই জোট আরব ও ইসলামী বিশ্বকে ধ্বংস করতে চায় এবং মুসলিম বিশ্বে সংঘাত ও মতবিরোধ উস্কে দিতে চায় এবং তারা কখনও মুসলিম বিশ্বের সমস্যাগুলো, যার শীর্ষে রয়েছে ফিলিস্তিনি সংকট- সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেয়নি । কোনো কোনো সরকার চাপের মুখে ও অর্থনৈতিক সংকটে ভোগার কারণে অপব্যবহারের শিকার হয়ে ইয়েমেন বিরোধী অবস্থান নিয়েছে।'
আনসারুল্লাহর মুখপাত্র আরো লিখেছেন: মধ্যপ্রাচ্যসহ মুসলিম ও আরব বিশ্বের জাতিগুলোর সঙ্গে ইয়েমেনি জাতির সম্পর্ক অতীতের মতোই ভ্রাতৃসুলভ ও প্রীতি-পূর্ণ থাকবে এবং জনগণের প্রতি উদাসীন সরকারগুলোর বিপজ্জনক নীতি গ্রহণ সত্ত্বেও আমরা মুসলিম উম্মাহর জাগরণ ও সতর্কতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী।
তিনি সৌদি-মার্কিন-ইহুদিবাদী জোটের বিরুদ্ধে শক্তিশালী নীতি গ্রহণ এবং ইয়েমেনে বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীসহ নানা অঞ্চলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশগুলোর প্রশংসা করেছেন ও এইসব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মান্দাব দিয়ে বিশ্বের জ্বালানী তেলের প্রায় ৪০ শতাংশ পরিবহণ করা হয়। এই গুরুত্বপূর্ণ প্রণালীর ওপর আনসারুল্লাহর নিয়ন্ত্রণের কারণে ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছে। #
৫ এপ্রিল ২০১৫ - ১৭:১১
News ID: 681417
ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল মান্দাব সম্পর্কে মিশরের সিসি সরকারসহ কোনো কোনো সরকারের আতঙ্ক ছড়ানোর বিষয়টিকে ইয়েমেনে সৌদি-মার্কিন আগ্রাসনের অজুহাত বলে নিন্দা জানিয়েছে।