আবনা : ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি ইয়েমেনের নারী-পুরুষ ও শিশুসহ সেদেশের জনগণের ওপর সৌদি বোমা বর্ষণকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলার মতই নৃশংস বলে তুলনা করেছেন।
তিনি ইরানের আল আলম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইয়েমেন একটি ধনী দেশ নয়, কিন্তু সেখানকার জনগণ মর্যাদাসম্পন্ন জীবন-যাপন করে যাচ্ছে; আর এই দেশটির নারী-পুরুষ ও শিশুসহ সেদেশের জনগণের ওপর বোমা বর্ষণ গাজার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলারই সমতুল্য এবং বিশ্ব জনমতের কাছে ও মুসলমানদের বিবেকের কাছে এ বিষয়ে জবাব দিতে সক্ষম হবে না হামলাকারীরা।
তিনি সৌদি সরকারকে স্মরণ করিয়ে দেন যে, ইয়েমেনের জনগণ অত্যন্ত সাহসী ও বীর জাতি এবং বিমান ও স্থল হামলা চালিয়ে বিদেশীরা কখনও এই জাতির ইচ্ছাকে পরাজিত করতে পারবে না; বরং আফগানিস্তানে সোভিয়েত হামলার ফলে সাবেক সোভিয়েত ইউনিয়ন যেমন ধ্বসে পড়েছিল সৌদি রাজ-সরকারকেও সেই পরিণতির শিকার হতে হবে।
আজ যারা ইয়েমেনে হামলা চালাচ্ছে তারা একদিন তাদের এই কাজের জন্য তীব্র অনুশোচনায় ভুগবে বলেও আলাউদ্দিন বোরুজেরদি সতর্ক করে দেন। সাহসী ইয়েমেনিদের কাজে প্রচুর অস্ত্র থাকায় তাদের অস্ত্রের দরকার নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার বার ইয়েমেনের সংকটের বিষয়টিকে দেশটির ঘরোয়া বিষয় বলে অভিহিত করে আসছে এবং ইয়েমেনিদের সমস্যা কেবল সংলাপ ও রাজনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব; আর এ ব্যাপারে ইয়েমেনিদের সহায়তা করাই মুসলিম বিশ্বের জন্য জরুরি, তাদের মাথার ওপর বোমা ফেলা উচিত নয়।
ইয়েমেনে সম্ভাব্য সৌদি স্থল-হামলার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এর ফলে যে কোনো সম্ভাব্য মারাত্মক বিপর্যয় ঘটতে পারে হামলাকারীদের জন্য।
আলাউদ্দিন বোরুজেরদি ইয়েমেনের বিষয়ে ইরানের হস্তক্ষেপের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এবং কোনো কোনো সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্যই এই প্রচারণা চালাচ্ছে বলে উল্লেখ করেন। ইয়েমেনের সঙ্গে ইরানের কোনো সীমান্ত নেই এবং সেখানে ইরানি দূতাবাসের জনসংখ্যা হাতের আঙুলের সংখ্যার চেয়েও সীমিত বলে তিনি মন্তব্য করেন।
ইরান ইয়েমেনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বলে সৌদি সরকারসহ তার কোনো কোনো সরকার অভিযোগ করেছে সম্প্রতি। কিন্তু ইরান এই অভিযোগকে ইয়েমেনে হামলার অজুহাত বলে নাকচ করে আসছে। #
৫ এপ্রিল ২০১৫ - ১৭:১৭
News ID: 681418
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি ইয়েমেনের নারী-পুরুষ ও শিশুসহ সেদেশের জনগণের ওপর সৌদি বোমা বর্ষণকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলার মতই নৃশংস বলে তুলনা করেছেন।