৭ এপ্রিল ২০১৫ - ০১:২৬
এডেনে আনসারুল্লাহ্’র সঙ্গে সংঘর্ষে ১০ বিদ্রোহী নিহত

ইয়েমেনে এডেনে গত ২৪ ঘণ্টায় আনসারুল্লাহ’র সঙ্গে সংঘর্ষে দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দ মানসুর হাদির অনুগত অন্তত ১০ বিদ্রোহী সেনা নিহত হয়েছে।

আবনা : ইয়েমেনে এডেনে গত ২৪ ঘণ্টায় আনসারুল্লাহ’র সঙ্গে সংঘর্ষে দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দ মানসুর হাদির অনুগত অন্তত ১০ বিদ্রোহী সেনা নিহত হয়েছে। এ সংঘর্ষে হুথি যোদ্ধাদের ২৬ জন এবং ১৭ জন বেসামরিক নিরীহ ইয়েমেনিও নিহত হয়েছে।  দেশটির ডাক্তার এবং সেনা সূত্রগুলো আজ(সোমবার) এ খবর দিয়েছে।  
এদিকে, আজ প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন সপ্তাহের সহিংসতায় দেশটিতে অন্তত ৫৪৯ জন মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে ২১৭ জন বেসামরিক নিরীহ ইয়েমেনি বলে এ হিসাবে উল্লেখ করা হয়।  জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ওসিএইচএ এ হিসাব দিয়েছে। এতে বলা হয়েছে, গত মাসের ১৯ তারিখ থেকে শুরু হওয়া সংঘর্ষে ৫১৬ জন বেসামরিক মানুষসহ অন্তত ১৭০৭ জন আহত হয়েছে।  
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব চলতি মাসের ২৬ তারিখ থেকে বিমান আগ্রাসন শুরু করেছে। পলাতক প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে এ হামলা চালাচ্ছ প্রতিবেশী দেশটির ওপর এবং এ জন্য জাতিসংঘের কোনো অনুমতি নেয়ার তোয়াক্কা পর্যন্ত করে নি।#