৮ এপ্রিল ২০১৫ - ১৬:১৯
আইএসআইএল-কে মুসলমান মনে করি না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর অপরাধযজ্ঞের নিন্দা জানান।

আবনা : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর অপরাধযজ্ঞের নিন্দা জানান।
আজ (মঙ্গলবার) তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে এক সাক্ষাতে তিনি ওই মন্তব্য করেছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে প্রচারিত এই সংবাদে আরও বলা হয়েছে যে তুরস্কের প্রেসিডেন্ট আইএসআইএল প্রসঙ্গে এই সাক্ষাতের সময় বলেছেন, ‘আমি আইএসআইএল-কে মুসলমান বলেই মনে করি না এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
অথচ তুর্কি সরকার আইএসআইএল-কে ব্যাপক সহায়তা দিয়ে আসছিল বলে বিভিন্ন সময় নির্ভরযোগ্য সূত্র থেকে নানা খবর প্রকাশিত হয়েছে।
তুরস্কের উচ্চ পদস্থ এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তুর্কি প্রেসিডেন্ট আজ একদিনের এক সরকারি সফরে ইরানে এসেছিলেন। তিনি তেহরান-আঙ্কারার অর্থনৈতিক সম্পর্কসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আজকের এই সফরে। #