১৪ এপ্রিল ২০১৫ - ১৫:৪৫
'ইয়েমেনে নয়, ইসলামের শত্রুদের ওপর বল প্রয়োগ করুন'

ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ইয়েমেনে সৌদি সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়ে বলেছেন, দেশটিতে সৌদি আগ্রাসন মুসলিম বিশ্বের মারাত্মক ক্ষতি করবে।

আবনা : ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ইয়েমেনে সৌদি সামরিক অভিযান বন্ধ করার দাবি জানিয়ে বলেছেন, দেশটিতে সৌদি আগ্রাসন মুসলিম বিশ্বের মারাত্মক ক্ষতি করবে।
তিনি গতকাল (সোমবার) ইরাক, সিরিয়া, লেবানন ও আলজেরিয়ার সংসদ স্পিকারদের সঙ্গে টেলিফোন সংলাপে এই হুঁশিয়ারি দিয়েছেন।
ইরাকি সংসদ স্পিকার সালিম আল জাবুরির সঙ্গে সংলাপে লারিজানি বলেন, মধ্যপ্রাচ্য দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসীদের টার্গেট হয়ে আছে এবং এ অবস্থায় একটি মুসলিম দেশে আরেকটি মুসলিম দেশের হামলা পরিস্থিতিকে আরো জটিল করবে।
তিনি তার সিরিয় সমকক্ষ জিহাদ আল লাহামকে বলেছেন, একটি মুসলিম দেশ হিসেবে সৌদি সরকারের উচিত একটি দরিদ্র মুসলিম দেশে হামলা চালানোর পরিবর্তে ইসলামের শত্রুদের সঙ্গে সংঘাতের ক্ষেত্রেই তার শক্তি-সামর্থ্যকে ব্যবহার করা।  
লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবি বেরির সঙ্গে সংলাপে ইয়েমেনের নিরপরাধ জনগণের ওপর হত্যাকাণ্ড বন্ধের জন্য খুব শিগগিরই ব্যবস্থা নেয়ার ওপর জোর দেন। ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য দেশটিতে জাতীয় সংলাপ অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি। আলজেরিয়ার সংসদ স্পিকার মুহাম্মাদ আল আরাবি ওউলদের সঙ্গে এক টেলিফোন সংলাপে ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠা এবং রক্তপাত বন্ধ করার আহ্বান জানান ইরানি সংসদ স্পিকার।
অন্যদিকে লারিজানির সমকক্ষ এই আরব স্পিকাররা ইয়েমেনের সংকট অবসান ও সেখানে সংঘাতে জড়িত সকল পক্ষকে নিয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি ইয়েমেনে সৌদি বিমান হামলাকে অমানবিক বলে নিন্দা জানিয়েছেন।
আন্তর্জাতিক, ইসলামী ও মানবিক কোনো নীতিমালা ইয়েমেনে সৌদি আগ্রাসনের অনুমতি দেয় না, কারণ এই আগ্রাসনে মজলুম ও নিরস্ত্র বেসামরিক জনগণকে হত্যা করছে।
তিনি আজ (মঙ্গলবার) সাংবাদিকদের আরো বলেছেন, ইয়েমেনে সৌদি সরকারের চলমান আগ্রাসনের নীতি এই সরকারের জন্যই বুমেরাং বা কাল হয়ে দেখা দেবে।
ইয়েমেনি জনগণের প্রতিরোধের কাছে সৌদি আগ্রাসীরা পরাজিত হবে বলে বেলায়েতি হুঁশিয়ারি দিয়েছেন। #