১৬ এপ্রিল ২০১৫ - ০১:১১
সৌদি হামলা সত্ত্বেও বিপ্লবী ইয়েমেনিদের অগ্রযাত্রা চলছে

ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন চলতে থাকলেও দেশটির স্বেচ্ছাসেবী বিপ্লবী গণবাহিনী ও সশস্ত্র বাহিনীর জোট মাআরিব প্রদেশে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং ওয়াহাবি-তাকফিরি গোষ্ঠী আল-কায়েদার সন্ত্রাসীদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ চলছে।

আবনা : ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন চলতে থাকলেও  দেশটির স্বেচ্ছাসেবী বিপ্লবী গণবাহিনী ও সশস্ত্র বাহিনীর জোট মাআরিব প্রদেশে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং ওয়াহাবি-তাকফিরি গোষ্ঠী আল-কায়েদার সন্ত্রাসীদের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ চলছে।
লাহজ অঞ্চলে ইয়েমেনি সেনারা আল-কায়েদার সন্ত্রাসীদের বিতাড়ন অব্যাহত রেখেছে এবং সেনারা সৌদি বিমান থেকে ফেলা বিপুল সংখ্যক গোলা ও অস্ত্র আটক করেছে।
ইয়েমেনের বিপ্লবী যোদ্ধা ও সশস্ত্র বাহিনীর জোট সিরওয়াহ শহরেও অগ্রাভিযান চালিয়ে যাচ্ছে। রাজধানী সানা থেকে এ অঞ্চল ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সম্প্রতি শাবওয়া প্রদেশের দক্ষিণাঞ্চলের আজ্জান এলাকায় সন্ত্রাসীরা ১৫ জন সেনাকে হত্যা করেছে বলে খবর এসেছে।
এদিকে ইয়েমেনের বিভিন্ন শহরে সৌদি জঙ্গিবিমানের নির্বিচার বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। বেসামরিক অঞ্চলের আবাসিক এলাকাগুলো এইসব হামলার শিকার হচ্ছে। রাজধানী সানা'র একটি স্কুলও সৌদি বিমান হামলার শিকার হয়েছে। ইব অঞ্চলে একটি বাড়ির ওপর কয়েক দফা সৌদি বিমান হামলায় বহু বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছেন।
ওদিকে ইয়েমেনের আল-কায়েদা বা একিউএপি জানিয়েছে, এই গোষ্ঠীর একজন সিনিয়র নেতা মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে। ইব্রাহিম আল রুবায়িশ নামের এই নেতা তার চারজন সহযোগীসহ নিহত হয়েছে বলে একিউএপি’র টুইটার পোস্টের বরাত দিয়ে ইয়েমেনের বার্তা সংস্থা 'খাবার' গতকাল (মঙ্গলবার) জানিয়েছে।
৩৫ বছর বয়স্ক এই নেতাকে ইয়েমেনের আল-কায়েদা বা একিউএপি’র প্রধান ধর্মীয় নেতা বলে মনে করা হয়। ওয়াহাবি-তাকফিরি এই নেতার মাথার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তাকে গুয়ান্তানামো কারাগার থেকে মুক্তি দিয়ে সৌদি কারাগারে পাঠানো হয়েছিল। রুবায়িশ ২০০৬ সালে পালিয়ে যেতে সক্ষম হয়।#