আবনা : রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই। তিনি আরো বলেছেন, কোনো ধরনের আক্রমণের কাজে এস-৩০০ ব্যবহৃত হয় না বরং এটি নিছক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
আমেরিকাও স্বীকার করেছে, জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় এস-৩০০ পড়ে না। তিনি পাল্টা প্রশ্ন করেন, রাশিয়া কি কাউকে প্রতিরক্ষার কাজে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করতে পারবে না?
এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে সরবরাহের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বিরোধিতার বিষয়টিও তুলে ধরেন রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে তিনি ইসরাইলি প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন এবং ওই প্রতিনিধি বলেছে, তেল আবিব চায়, ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে যে কোনো সময় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পথ উন্মুক্ত থাকবে।
ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য গত ১৩ এপ্রিল একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ডিক্রি জারির মাধ্যমে ইরানের কাছে এস-৩০০ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত ২ এপ্রিল পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী যৌথ বিবৃতি প্রকাশের পর এ ডিক্রি জারি করা হয়।#
১৯ এপ্রিল ২০১৫ - ১৭:১৬
News ID: 684936
রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই।