১৯ এপ্রিল ২০১৫ - ১৭:১৭

এডেন উপসাগরে ইরানি নৌবাহিনীর শক্তিশালী বহর আন্তর্জাতিক আইন মেনেই উপস্থিতি বজায় রেখেছে।

আবনা : এডেন উপসাগরে ইরানি নৌবাহিনীর শক্তিশালী বহর আন্তর্জাতিক আইন মেনেই উপস্থিতি বজায় রেখেছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি এ কথা বলেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক আইন মেনেই এডেন উপসাগরে তৎপরতা চালাচ্ছে ইরানি নৌবাহিনী। একই সঙ্গে ইরানি নৌবাহিনীকে হুমকি দেয়ার দাবিও প্রত্যাখ্যান করেন তিনি।
তিনি বলেন, বাব-আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে মোতায়েন থাকা অবস্থায় ২,৬০০ বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাংকারকে জলদস্যুদের মোকাবিলায় নিরাপত্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে ইরানি নৌবহর। ইরানের নৌবহর এ দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
আঞ্চলিক নৌপথ রক্ষা করার নীতির অংশ হিসেবে চলতি মাসের গোড়ার দিকে ইরানের ৩৪তম নৌবহরকে এডেন উপসাগর ও বাব-আল-মান্দাব প্রণালীতে মোতায়েন করা হয়। বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দেয়ার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানি নৌবহর আন্তর্জাতিক পানিসীমায় নিজের উপস্থিতি বাড়িয়েছে।#