২১ এপ্রিল ২০১৫ - ২৩:৫২
হামলা বন্ধের জাতিসংঘ আহ্বানকে ছুঁড়ে ফেলল সৌদি আরব

ইয়েমেনে অবিলম্বে বিমান হামলা বন্ধে জাতিসংঘ আহ্বানকে ছুঁড়ে ফেলে দিয়েছে সৌদি আরব।

আবনা : ইয়েমেনে অবিলম্বে বিমান হামলা বন্ধে জাতিসংঘ আহ্বানকে ছুঁড়ে ফেলে দিয়েছে সৌদি আরব। মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মোয়াল্লিমি এ আহ্বান নাকচ করে দেন।
তিনি দাবি করেন, ইয়েমেন সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাবে যে সব শর্তের উল্লেখ করা হয়েছে যুদ্ধবিরতি কার্যকরের আগে তা বাস্তবায়িত হতে হবে।
শুক্রবারে দেয়া বিবৃতিতে বান কি মুন ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক পদ্ধতিকে আরব এ দেশটির বৈরিতা বন্ধের সেরা পথ বলেও বিবৃতিতে মন্তব্য করেছিলেন তিনি।
এদিকে, চলতি মাসের ১৪ তারিখে নেয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাবের শর্তগুলোর অন্যতম ছিল, রাজধানী সানাসহ দেশটির যে সব অঞ্চল আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত পপুলার কমিটি দখল করেছে তাদেরকে সে সব এলাকা থেকে সরে আসতে হবে।
এ ছাড়া, ইয়েমেন সংকট নিরসনে এরই মধ্যে চার দফা শান্তি চুক্তিও জাতিসংঘে পেশ করেছে ইরান।#