২৩ এপ্রিল ২০১৫ - ০১:০৬
ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি বিমান

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেয়ার পরও সৌদি জঙ্গি বিমান প্রতিবেশী এই মুসলিম দেশটির ওপর হামলা চালিয়েছে।

আবনা : ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেয়ার পরও সৌদি জঙ্গি বিমান প্রতিবেশী এই মুসলিম দেশটির ওপর হামলা চালিয়েছে।
ইয়েমেনের সরকারি সেনাদের সঙ্গে পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত সেনাদের সংঘর্ষের পর সৌদি জঙ্গি বিমানগুলো সরকারি সেনা অবস্থানে হামলা চালায়। অথচ সৌদি সরকার গত রাতে (মঙ্গলবার) ইয়েমেনে সামরিক অভিযান শেষ হওয়ার কথা ঘোষণা করে।
ইরানের আল-আলম টেলিভিশন এইসব খবর দিয়ে আরও জানিয়েছে, সৌদি জঙ্গি বিমানগুলো তায়েজ প্রদেশে সরকারি সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র ও স্বেচ্ছাসেবী সেনাদের যৌথ বাহিনী এই ঘাঁটি দখল করে নেয়ার এক ঘণ্টা পর ওই বিমান হামলা চালায় সৌদি বাহিনী।
সৌদি জঙ্গি বিমানগুলো তায়েজ প্রদেশের নিরাপত্তা দপ্তর, কেন্দ্রীয় কারাগার এবং ওয়াদি আল জাবাব অঞ্চলে বোমা বর্ষণ করে।
এদিকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বিদেশী চিকিৎসক ও নার্সদের ৯০ শতাংশই দেশটি ত্যাগ করায় ইয়েমেনের হাসপাতালগুলোর ওপর চাপ বেড়ে গেছে।
ইয়েমেনে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনে প্রায় ২৮০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪৩ শিশু ও ৯৫ জন নারীও রয়েছে। এ ছাড়াও প্রায় চার হাজার ব্যক্তি আহত হয়েছে সৌদি হামলায়। #