২৭ এপ্রিল ২০১৫ - ১৬:২৮
নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৭'শ ছাড়িয়েছে

ভূমিকম্পের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা ৩ হাজার ৭’শ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ হিসেব পাওয়া গেছে। এ পর্যন্ত তিন হাজার ৪শ জনের মরদেহ উদ্ধার করা হযেছে।

আবনা : ভূমিকম্পের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা  ৩ হাজার ৭’শ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ হিসেব পাওয়া গেছে। এ পর্যন্ত  তিন হাজার ৪শ জনের মরদেহ উদ্ধার করা হযেছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  ৮০ বছরেরও বেশি সময় পর সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে নেপাল হয়ে উঠেছে যেন এক মৃত্যুপুরী। এছাড়াও নেপাল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে  ১৯শ ভারতীয়কে। তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। খবর রয়টার্স, জিনিউজ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু, সিন্ধুপালচোক, ললিতপুর, গোরখা এবং বখতপুর এলাকা। নেপালের রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে যেখানে ভূ কম্পনের উৎপত্তি স্খল সেখানে আজও উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। অভিযান যতই এগুচ্ছে লাশের সংখ্যাও বাড়ছে। পাহাড় অধ্যুষিত নেপালের গ্রামগুলোতে মৃতের সংখ্যা বেশী বলে ধারনা হচ্ছে।
প্রত্যন্ত  এলাকাগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে ধ্বংসস্তূপে অনেক জীবিত বা মৃত মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  উদ্ধারকাজ চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।
মাটির সঙ্গে মিশে যাওয়া ভবনগুলো থেকে আটকে পড়াদের আর্তনাদের মাঝে নেপালে রোববার নতুন করে ভূমিকম্পের শক্তিশালী পরাঘাত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ভারত এবং বাংলাদেশেও।
এভারেস্টে আরো তুষারধসের খবর পাওয়া গেছে। এভারেস্টের বেস ক্যাম্প থেকে এ পর্যন্ত ২২ টি লাশ উদ্ধার হয়েছে এবং অন্তত ২১৭ জন পর্যটক নিখোঁজ হয়েছে বলে রোববার জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ৬০ কিলোমিটার পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার পরাঘাত অনুভূত হয়। লোকজন আতঙ্কে শহরের খোলা জায়গায় গিয়ে জড়ো হয়।
পরাঘাত হচ্ছে একের পর এক। দুইদিনে নেপালে ৪০ টি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি)। পাহাড়ি রাস্তাগুলো ভূমিধসে কিংবা ফাটল ধরে বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন হাসপাতালে এখনো আসছে মরদেহ। কেবল মরদেহই নয়, হাসপাতালে আসছে আহতরাও। হাজার হাজার আহতের জায়গা সংকুলান করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কেবলমাত্র রাজধানী কাঠমাণ্ডুতেই সাতশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপে আটকে পড়া অনেকের আর্তনাদ শুনেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সঙ্গে সঙ্গেই সাড়া দিতে পারছেন না উদ্ধারকারীরা। অনেকেই নেমে পড়েছেন খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজে।
নেপালের কাঠমান্ডু এবং পোখরা নগরীর মাঝে শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশ, ভারত ও চীনের বিস্তীর্ণ এলাকাও কেঁপে উঠে। ভারতে অন্তত ৫২ জন, তিব্বতে ১৭ জন এবং বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে।