১৫ সেপ্টেম্বর ২০১৫ - ০৬:১৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকা আসছেন

এক দিনের জন্য বুধবার বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

আবনা ডেস্ক: এক দিনের জন্য বুধবার বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্যটি জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা আশা করছে ইরানের সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে। ইরানে বাংলাদেশিদের চাহিদা রয়েছে। এতে ইরানে বাংলাদেশের বিশাল শ্রমবাজারের সম্ভাবনা উঁকি দিচ্ছে।
পাশাপাশি ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান ও ভারত যে জ্বালানি সরবরাহের চুক্তি করেছে, বাংলাদেশও ওই পাইপলাইনের মাধ্যমে উপকৃত হতে চায়। ইরান এরই মধ্যে বাংলাদেশকে ওই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহে নীতিগতভাবে সম্মত হয়েছে।
এছাড়া পাট, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, প্যাকেটজাত খাবারসহ বাংলাদেশী বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে ইরানে।