৩ ডিসেম্বর ২০১৫ - ০৫:১৯
ক্যালিফোর্নিয়ায় গুলি: বন্দুকধারী নারী-পুরুষসহ ১৬ নিহত

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

আবনা ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক পুরুষ এবং এক নারী বন্দুকধারী নিহত হয়েছে। ২০১২ সালের পর আমেরিকায় গুলিবর্ষণের একটি ঘটনায় এতো বেশি মানুষ আর মারা যায় নি।
এই দুই বন্দুকধারীর মধ্যে কি সম্পর্ক ছিল তা এখনো জানা যায় নি। নিহতদের পরনে ছিল সামরিক হামলা চালানোর পোশাক এবং তারা হ্যান্ডগান ও অ্যাসাল্ট রাইফেল বহন করছিল।
নিহত পুরুষ বন্দুকধারী বন্ধের দিনে আয়োজিত পার্টির অতিথি ছিল বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোর রিজিওন্যাল সেন্টারে এ পার্টির আয়োজন করা হয়। অন্যান্য অতিথির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সে পার্টি ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর সে অন্তত একজন সহযোগীকে নিয়ে ফিরে আসে এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।
এ বিষয়ে তদন্ত চলছে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই বা পশ্চিমা সংবাদ মাধ্যম এ ঘটনাকে এখনো সন্ত্রাসবাদ বলে অভিহিত করে নি। সাধারণত কোনো গুলিবর্ষণ বা হামলার ঘটনায় মুসলমানদের যোগসাজশ আছে বলে সন্দেহ করা হলেই তাকে ঢালাওভাবে সন্ত্রাসবাদ হিসেবে তুলে ধরা হয়।#