২১ মে ২০১৬ - ১৬:২১
বাবরি মসজিদের বদলা নিতে ভারতে আসছে আইএসআইএল!

ভারতে আগমনের বার্তা দিয়ে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএসআইএল।

আবনা ডেস্ক : ভারতে আগমনের বার্তা দিয়ে শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএসআইএল। আরবি ভাষায় ২২ মিনিটের ওই ভিডিও বার্তায় তারা জানিয়েছে, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ এবং কাশ্মীর, গুজরাট ও মুজাফফরনগরে মুসলিমদের হত্যার প্রতিশোধ নিতে ভারতে আসছে তারা।
২০১৪ সালে ভারত থেকে পালিয়ে গিয়ে আইএসআইএলে যোগ দেয়া পাঁচ ভারতীয়কে দেখা যায়। এর মধ্যে প্রকৌশল বিদ্যার ছাত্র ফাহাদ তানভির শেখ তার আরো তিন সহযোগী নিয়ে ২০১৪ সালে সিরিয়ায় চলে যান। এই প্রথমবারের মতো তাদের প্রকাশ্য ভিডিওতে নিয়ে এলো আইএসআইএল। ভিডিও বার্তায় ফাহাদ নিজেকে আবু আমর-আল হিন্দী নামে পরিচয় দেন। ভারত এবং দক্ষিণ এশিয়াকে উদ্দেশ্য করে ভিডিও বার্তাটি প্রচার করা হয়।
ভিডিওতে শপথ করে ফাহাদ বলেন, ‘আমরা ফিরে আসবো। তবে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ এবং কাশ্মীর, গুজরাট ও মুজাফফরনগরে মুসলিমদের হত্যার প্রতিশোধ নিতে তলোয়ার হাতে নিয়ে ফিরে আসবো।’ গত বছর ইরাকের রাক্কায় বোমা হামলায় মারা যাওয়া তাদের আরেক সহযোগী শাহিম তাঙ্কির প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
ভিডিও বার্তায় আগে পূর্ব-পরিচিত কিছু আইএসআইএল সদস্যকেও দেখা যায়। আগে ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনে কাজ করতেন তারা। ওই বার্তায় অপরিচিত এক জিহাদি বলেন, ‘যেসব ভারতীয়রা আমাদের উদ্দেশ্য বুঝতে চান তাদের বলছি, আপনাদের তিনটি পথ খোলা আছে: হয় ইসলাম গ্রহণ করুন, না হয় জিজিয়া দিন অথবা মরার জন্য প্রস্তুত থাকুন।’
মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ভারতীয় অঞ্চল বিজয়ের মধ্য দিয়ে এই এলাকায় ইসলামিক শাসনের সূত্রপাত করেন বলে ভিডিওর শুরুতে উল্লেখ করা হয়। ভিডিওতে যেসব জিহাদিকে দেখানো হয় তারা নিজেদের ‘হিন্দ ওয়াল সিন্ধ’র জিহাদি বলে উল্লেখ করেন। ‘হিন্দ ওয়াল সিন্ধ’ কথাটি পাকিস্তান এবং ভারতীয় অঞ্চলকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়।#