আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নেইনাভা প্রদেশের স্থানীয় সূত্র সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল) সদস্যদের গণহারে বহিস্কারের তথ্য প্রকাশ করেছে।
সূত্রের ভাষ্যমতে, দায়েশ সন্ত্রাসীদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তাদের পলায়নের কারণে সন্ত্রাসী এ গোষ্ঠির স্বঘোষিত খলিফা এ গণ বহিস্কারের পদক্ষেপ নিয়েছেন।
সূত্র আরো জানিয়েছে, মসুলসহ দায়েশ নিয়ন্ত্রণাধীন অন্যান্য এলাকা থেকে অধিকাংশ ইরাকি কমান্ডারদেরকে সরিয়ে তদস্থলে ইউরোপ ও কিছু কিছু আরব দেশের বিদেশী সন্ত্রাসীদের স্থলাভিষিক্ত করছেন শীর্ষ সন্ত্রাসী আবু বকর আল-বাগদাদী।
সূত্রের সংযোজন: সকল প্রকার ক্যু’র প্রতিরোধ ও গোপন সংবাদ ফাঁস রোধে সন্ত্রাসী এ গ্রুপের যে সকল সদস্যদের পরিবারের একজন সদস্যও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সে (পিএমএফ) তৎপর রয়েছে তাদের সকলকে বহিস্কার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে ইরাকের কারকুক শহরের দক্ষিন-পশ্চিম অঞ্চলের কিছু দায়েশ কমান্ডার সন্ত্রাসী গোষ্ঠি আল-কায়েদার সাথে একাত্মতা ঘোষণা করে আবুবাকার আল-বাগদাদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর এ পদক্ষেপ নিলেন দায়েশের স্বঘোষিত খলিফা আল-বাগদাদী।
ইরাকের নিরাপত্তা বিভাগের বিশ্বস্ত সূত্র জানিয়েছে: উল্লেখযোগ্য সংখ্যক প্রভাবশালী দায়েশ কমান্ডারের আইএসআইএল ত্যাগ করে আল-কায়দায় যোগদান সন্ত্রাসী এ গ্রুপটির জন্য ছিল একটি বড় আঘাত। এরই প্রভাবে স্বয়ং দায়েশের অভ্যন্তরেই টানাপোড়ন ও সংঘর্ষ শুরু হয়েছে।#