আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেইজিয়ের গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ এবং প্যারিসে সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ সিরিয় যুবককে আটকের তথ্য প্রকাশ করেছেন।
টমাস ডি মেইজিয়ের গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলন এ তথ্য প্রকাশ করে বলেন: দেশের উত্তর অঞ্চল থেকে ৩ সিরিয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, আটককৃত ঐ সকল ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে নিজেদেরকে শরণার্থী হিসেবে পরিচয় দিয়েছে। যাতে জার্মানির অভ্যন্তরে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।
গত বছরের (২০১৫) নভেম্বর মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ব্যক্তিদের সাথে তাদের যোগাযোগ ছিল, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য।
তিনি বলেন: আটককৃত ঐ সকল সিরিয়দের বয়স ১৭, ১৮ ও ২৬। জার্মানির উত্তর অঞ্চলে অবস্থিত একটি শরণার্থী ক্যাম্পে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, প্যারিস হামলার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে পাচারের সাথে যে পাচারকারী চক্র জড়িত তারাই এ ৩ যুবককে জার্মানিতে পাচার করেছে। কারণ তাদের ভ্রমণের সকল ডক্যুমেন্ট একই স্থানে তৈরি করা হয়েছে।
ডি মেইজিয়ের আরো জানান: গত কয়েক মাস ধরে জার্মানির গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের নজরদারিতে ছিল তারা। দূর থেকে তাদের উপর দৃষ্টি রেখে দায়েশের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট ও প্রমাণ করার জন্য তাদের বিরুদ্ধে আরো বেশী তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছিল। এ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহের পর তাদেরকে আটক করা হয়।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন: আটককৃত ঐ ৩ সিরিয় নাগরিকের দায়েশের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিললেও, জার্মানির অভ্যন্তরে কোন ধরনের সন্ত্রাসী বা আত্মঘাতী হামলার বিষয়ে তাদের পরিকল্পনার কোন প্রমাণ মেলেনি।#