আবনা ডেস্ক: ঈদুল আযহা উদযাপনের মধ্যেই পাকিস্তানে দ্বিতীয় দিনের মতো বোমা হামলায় নিহত হলেন দুই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে সড়কে চালানো ওই হামলায় আরো ১০ জন আহত হন, জানিয়েছে দ্য ডন।
জঙ্গিরা সারিব রোডে পুলিশের একটি টহল যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।
পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। একটি ইমেইল পাঠিয়ে গোষ্ঠীটির মুখপাত্র মুহাম্মদ খোরসানি হামলার দায় স্বীকার করেন।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা।
বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের কর্মকর্তারা জানিয়েছেন, রিমোট কন্ট্রোলের সাহায্যে হাতে তৈরি ওই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমাটিতে দুই থেকে তিন কিলোগ্রাম বিস্ফোরক ছিল বলে জানিয়েছেন তারা।
আহতদের কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমা হামলার পর সারিব রোড ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই এলাকাটিকে কোয়েটার অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয়। গত প্রায় এক দশক ধরে জঙ্গিরা এই এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
১৫ সেপ্টেম্বর ২০১৬ - ০১:৫৫
News ID: 779128
ঈদুল আযহা উদযাপনের মধ্যেই পাকিস্তানে দ্বিতীয় দিনের মতো বোমা হামলায় নিহত হলেন দুই পুলিশ কর্মকর্তা।