আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে যশোরে বিশেষ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলী আসগার স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং ইনকিলাবে মাহদি মিশনের সহযোগিতায় এ মাহফিল আয়োজিত হতে যাচ্ছে। আগামীকাল ১৮ই জিলহজ (বুধবার, ২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় মাহফিলের কার্যক্রম শুরু হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাওযা-এ-ইলমিয়া সাহেবুজ্জামানে’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম রেজা আলী যায়দী এবং যশোর মুড়লী ইমামবাড়ির পেশ ইমাম জনাব ইকবাল হোসাইন। অনুষ্ঠানটি ইনকিলাবে মাহদি মিশনের প্রতিষ্ঠাতা জনাব মল্লিক আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
কুরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃতি, ইসলামি গজল পরিবেশন, বক্তৃতা ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে এ মাহফিল ও আলোচনা সভা অব্যাহত থাকবে।#