আবনা ডেস্ক : ভারতীয় বাহিনীর হাতে নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার বোরহান ওয়ানিকে স্বাধীনতাযোদ্ধা এবং কাশ্মীরের চলমান আন্দোলনকে 'ইনতিফাদা' (দখলদারির বিরুদ্ধে গণজাগরণ) বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এভাবেই কাশ্মীরের পক্ষে পাকিস্তানের সমর্থনের কথা ব্যক্ত করেন।
নওয়াজ শরীফ বলেন, কাশ্মীরে শিশু-নারী-প্রবীণ থেকে শুরু করে সর্বস্তরের আদিবাসীরা শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছে। অবিনাশী বিশ্বাসের অস্ত্রে বলীয়ান হয়ে বুকে স্বাধীনতার বৈধ আকাঙ্ক্ষা নিয়ে জননন্দিত আন্দোলন করছে তারা। কাশ্মীরিদের এই ইনতিফাদার প্রতীক বা আত্মায় পরিণত হয়েছেন ভারতীয় বাহিনীর হাতে নিহত তরুণ নেতা বোরহান ওয়ানি।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কাশ্মীরের আদিবাসীদের এই আন্দোলনকে বরাবরের মতো দখলদার ভারতের পাঁচ লাখ সেনা বর্বরোচিত নিপীড়নের মাধ্যমে দমন করার চেষ্টা করছে। গত দুই মাসে শিশুসহ শতাধিক কাশ্মীরিকে হত্যা করা হয়েছে। ছররা গুলিতে অন্ধ হয়েছেন ছয় শতাধিক নিরস্ত্র মানুষ।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য ভারতই সম্পূর্ণ দায়ী বলে দাবি করেন নওয়াজ। তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তার কারণেই প্রবল গণআন্দোলন গড়ে উঠেছে।
এ সময় পাকিস্তানী প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে তার দেশ সব সময় সমর্থন জানিয়ে যাবে।
'কাশ্মীরে ভারতীয়দের বর্বরতার সব ঘটনার প্রমাণ রয়েছে' উল্লেখ করে এ সংক্রান্ত ডসিয়ার জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের হাতে তুলে দেবেন বলে জানান নওয়াজ।
তিনি অবিলম্বে নিরপেক্ষ তথ্য অনুসন্ধান কমিটি গঠন করে কাশ্মীরের প্রকৃত চিত্র বিশ্বের সামনে তুলে ধরারও আহ্বান জানান।
নওয়াজ শরীফ জাতিসংঘকে জানান, ভারতের সামরিক বলপ্রয়োগের মাধ্যমে নিহতদের বাবা-মা এবং ভাই-বোনের পাশে আছে।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি আসবে না।
এজন্য পাকিস্তান ভারতের সঙ্গে সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান চায় বলেও বক্তৃতায় উল্লেখ করেন নওয়াজ।
এই লক্ষ্য অর্জনে পাকিস্তানের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যুদ্ধ-সংঘাত দক্ষিণ এশিয়ার নিয়তি হতে পারে না। তাই পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বলেও জানান নওয়াজ শরীফ।
২৩ সেপ্টেম্বর ২০১৬ - ০৫:৪৫
News ID: 780864
ভারতীয় বাহিনীর হাতে নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার বোরহান ওয়ানিকে স্বাধীনতাযোদ্ধা এবং কাশ্মীরের চলমান আন্দোলনকে 'ইনতিফাদা' (দখলদারির বিরুদ্ধে গণজাগরণ) বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।