৪ অক্টোবর ২০১৬ - ১৭:২৭
তুরস্কে সেনা-কুর্দি সংঘর্ষ : নিহত ২২

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সরকারি বাহিনী ও কুর্দিদের মধ্যকার সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা এবং দুজন সরকারি সেনা নিহত হয়েছে।

আবনা ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সরকারি বাহিনী ও কুর্দিদের মধ্যকার সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা এবং দুজন সরকারি সেনা নিহত হয়েছে। ইরাকি সীমান্ত সংলগ্ন তুরস্কের হাক্কারি প্রদেশের ডাগলিকা পাহাড়ি অঞ্চলে সরকারি সেনাদের একটি গাড়ি যাওয়ার সময় কুর্দি বিদ্রোহীদের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা রাস্তায় বিস্ফোরণ ঘটালে দুই তুর্কি সেনা নিহত এবং তিনজন আহত হয়। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি
এদিকে, তুর্কি সেনাদের সঙ্গে পৃথক একটি সংঘর্ষে ২০ কুর্দি যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, তুরস্কের স্রিনাক প্রদেশের বেয়তুসেবাপ অঞ্চলে দুই দিনব্যাপী চলা সরকারি বাহিনীর অভিযানে ওই ২০ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।
পিকেকে তুরস্কে নিষিদ্ধঘোষিত একটি সশস্ত্র সংগঠন। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাসহ আরো অনেক রাষ্ট্রই একে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। পিকেকে ১৯৮০ সাল থেকেই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে আসছে। সেই থেকে সরকারি বাহিনী এবং পিকেকের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে। তুরস্ক সরকার এবং কুর্দিদের মধ্যকার অস্ত্রবিরতি চুক্তি গত বছর ভেঙে যাওয়ার পর থেকেই সীমান্ত অঞ্চলে সংঘর্ষ বেড়ে গেছে।