২৮ অক্টোবর ২০১৬ - ১৩:৩৩
বদলে যাচ্ছে মিসরের রাজধানী

কায়রো থেকে রাজধানী সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে মিসর। নতুন রাজধানী নির্মাণের এ প্রকল্প বাস্তবায়ন করবে চীন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: জনসংখ্যা বৃদ্ধি, বায়ু দূষণ, জমির মূল্য বৃদ্ধি’র কারণে মূলতঃ কায়রো থেকে রাজধানী সরিয়ে অন্যত্র নেয়ার চিন্তা করছে মিসর সরকার।

মিসরের রাজধানী সরিয়ে নেয়ার বিষয়টি প্রথমবার ২০১৫ সালে ঘোষিত হয়। উল্লিখিত কারণে রাজধানীকে স্থানান্তরের চিন্তা করছে বলে সে সময় জানিয়েছিল মিসর কর্তৃপক্ষ।

এ প্রকল্প বাস্তবায়নে, চীনের সম্প্রসারণ বিষয়ক বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের কথা ঘোষণা করেছে। চীনের ফরচুন ল্যান্ড ডেভেলপমেন্ট লি. (CFLD) কোম্পানী এ শহর নির্মাণের জন্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এছাড়া ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে চীনের আরেক কোম্পানী।

প্রকল্পের ওয়েব সাইটে উল্লেখ করা হয়েছে যে, ‘আদি কাল থেকে মিসরের রাজধানী হিসেবে নিজের নামের প্রতি সুবিচার করেছে কায়রো। কিন্তু সময় এসেছে কায়রোর স্থানে অন্য কোন শহরকে স্থলাভিষিক্ত করার’।

অবশ্য, নতুন এ রাজধানীর জন্য কোন নাম এখনো নির্ধারিত হয়নি।

বলাবাহুল্য, বিভিন্ন কারণে রাজধানী পরিবর্তন করেছে এমন দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, পাকিস্তান ও কানাডার মত দেশ।#