১৯ ডিসেম্বর ২০১৬ - ১৪:৪৯
‘ইরানকে অভিযুক্ত না করে আয়নায় নিজের চেহারা দেখুন’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মধ্যপ্রাচ্যে তেহরানের ভূমিকাকে অন্তর্ঘাতমূলক বলে অভিযুক্ত না করে বরং ব্রিটেনের উচিত- অতীতে নিজেদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফিরে তাকানো।

আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মধ্যপ্রাচ্যে তেহরানের ভূমিকাকে অন্তর্ঘাতমূলক বলে অভিযুক্ত না করে বরং ব্রিটেনের উচিত- অতীতে নিজেদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফিরে তাকানো।
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর বার্ষিক সম্মেলেনে দেয়া বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তেহরানের আগ্রাসী তৎপরতা রুখতে পিজিসিসিভুক্ত দেশগুলোকে ব্রিটেন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি আজ এ মন্তব্য করলেন।
তিনি বলেন, এসব দেশের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা এবং সিদ্ধান্ত নেয়া উচিত মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির জন্য কারা দায়ী। ব্রিটিশ সরকারের এ ধরনের মন্তব্যের কোনো প্রভাব ইরানের পররাষ্ট্রনীতিতে পড়বে না বলেও তিনি জানান। কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিষয়ে ইরানের নীতি পরিষ্কার এবং এ নিয়ে গোপন করার কিছু নেই।
বাহরাম কাসেমি আরো বলেন, মধ্যপ্রাচ্যে বাইরের শক্তিগুলো পরাজয়ের মুখে পড়ার পর ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কোনো অস্বাভাবিক কিছু নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ মন্তব্য নিতান্তই প্রচারণা এবং দোষারোপের রাজনীতি।#