আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি শেইখ আহমাদ আত-তাইয়্যেব মায়ানমারের রাষ্ট্রদূতের সাথে এক সাক্ষাতে রোহিঙ্গা মুসলমানদের শোচনীয় অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাক্ষাতে গ্রান্ড মুফতি মায়ানমারের মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং তাদের নাগরিক অধিকার রক্ষার দাবী জানান।
এ সময় মায়ানমারে চলমান সহিংসতা ও নৃশংসতা বন্ধের লক্ষ্যে এদেশের ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাতের জন্য আল-আযহারের প্রস্তুতির কথা ঘোষণা করেন তিনি।
আল-আযহারের গ্রান্ড মুফতি এ সাক্ষাতে, অতি দ্রুত মায়ানমারের জনগণের মাঝে শান্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি সপ্তাহগুলোতে ৮৬ জন রোহিঙ্গা মুসলমানদেরকে চরম বর্বরতার সাথে হত্যা করেছে উগ্রতাবাদী বৌদ্ধরা। অবশ্য আনঅফিশিয়াল বিভিন্ন সূত্রের মতে, নিহতদের সংখ্যা আরও অনেক বেশী।
প্রসঙ্গত, এ সম্পর্কে জাতিসংঘ জানিয়েছে: এ নাগাদ ২৭ হাজার রোহিঙ্গা মুসলমান পানি পথে বাংলাদেশ সীমান্তে পৌঁছেছে।#