আবনা ডেস্ক: ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নিহত এক শহীদের বাড়ি গুড়িয়ে দেয়ার প্রতিবাদকালে একদল ফিলিস্তিনির ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে এক তরুণকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গুলিতে আরও তিনজন ফিলিস্তিনি কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের কাফর আকাব এলাকায় এই ঘটনা ঘটে। খবর গালফনিউজ ও আল জাজিরার।
১৯ বছর বয়সী নিহত ওই তরুণের নাম আহমেদ নাশায়াত উছমান আল-খারোবি। গুলিতে আহত ওপর তিন কিশোরকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত মুসবাহ আবু সুবহের বাড়ি গুড়িয়ে দিতে গেলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষকালে আল-খারোবি নিহত হয়েছেন।
গালফ নিউজ জানিয়েছে, কুফর আকাব গ্রামে মুসবাহের বাড়িতে অভিযানকালে আশেপাশের গ্রাম ও শহরের ফিলিস্তিনি তরুণরা বাড়ি ধ্বংসের কাজে বাধা দেয়ার চেষ্টা করেন। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে আল-খারোবি গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে আল-খারোবি নিহত হওয়ার পর কালান্দিয়া শরণার্থী শিবিরের অন্যান্য এলাকাতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ইসরাইলি হানাদার বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় আল-খারোবিসহ অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-হক মানবাধিকার সংস্থা।
আল-হক কর্মকর্তা তাহসিন ইলাইয়ান আল-জাজিরাকে বলেন, ফিলিস্তিনিদের উপর হামলাকারী ইসরাইলি অপরাধীদের মধ্যে নিয়মিত সেনা, সীমান্ত পুলিশ, বসতিস্থাপনকারী, পুলিশ, ভূমিদখল রক্ষী, বসতিস্থাপনকারী রক্ষীবহিনী, প্রাইভেট নিরাপত্তা বাহিনীর সদস্য, স্বল্প প্রশিক্ষিত রক্ষী, গোয়েন্দা শাখা এবং পৌর নিরাপত্তারক্ষীরা রয়েছে।
এদিকে আল-খারোবি হত্যার ঘটনা সম্পর্কে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, গত অক্টোবরে পূর্ব জেরুজালেমে একটি পুলিশ স্টেশনে হামলায় একজন ইসরাইলি পুলিশ ও নারী গুলিতে নিহত হয়েছিল। এ ঘটনার জন্য সন্দেহভাজন মুসবাহ ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
ওই মুখপাত্র আরও বলেন, বৃহস্পতিবার ভোরে মিসবাহের বাড়ি গুড়িয়ে দিতে যায় ইসরাইলি সেনারা। এসময় তাদের লক্ষ্য করে আল-খারোবি গুলি বর্ষণ ও বিস্ফোরক ছুড়ে মারলে পাল্টা গুলিতে তিনি নিহত হন।
২২ ডিসেম্বর ২০১৬ - ১৫:০৯
News ID: 800033
ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নিহত এক শহীদের বাড়ি গুড়িয়ে দেয়ার প্রতিবাদকালে একদল ফিলিস্তিনির ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে এক তরুণকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।