আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মসুলের ফিল্ড হাসপাতালের কর্মকর্তা ‘আহমাদ রায়েদ আল-হামদানি’ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ঐ অঞ্চলের বেসামরিক জনগণের জ্বালানী বহনকারী ১০টি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন জোটের বিমান বাহিনী। এতে ১৫ জন বেসামরিক লোক নিহত হয় এবং ঐ গাড়ীগুলো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
এছাড়া মসুলের ইবনে হাইসাম এলাকার উপর বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে কয়েকজন নারী ও শিশুসহ মোট ১২ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। দায়েশ বিরোধী মার্কিন জোটের পক্ষ থেকে মেডিকেল সূত্রে প্রকাশিত এ তথ্য প্রত্যাখ্যান বা নিশ্চিত করা হয়নি।
এদিকে, নাইনাওয়া প্রদেশে দায়েশ বিরোধী অভিযান পরিচালনাকারী কমান্ডার ‘নাজমুল জাবুরি’ মসুল শহরের উত্তর অঞ্চলে দায়েশের ৪টি হামলা প্রতিহত করার তথ্য দিয়েছেন।
তিনি বলেন: ইরাকি সেনা ও পুলিশ বাহিনীর ঐ অভিযানে মসুলের উত্তরাঞ্চলে ৫ আত্মঘাতী নিহত হয়।
ইরাকের এন্টি টেরোরিজম ইউনিট মসুল মুক্তকরণ অভিযানের প্রথম পর্ব শেষে –যা ১৫ ডিসেম্বর সমাপ্ত হয়েছে- মসুলের পূর্বাঞ্চলের ৫৬টি এলাকা থেকে ৪০টি এলাকা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, মসুল মুক্ত করার লক্ষ্যে বিশেষ এ অভিযান গত বছরের ১৭ নভেম্বর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-ইবাদি’র নির্দেশে শুরু হয়।# রাইয়াল ইয়াওম, ইরনা