আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান মাহমুদ আব্বাস সম্প্রতি বলেছেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে রেড লাইন অতিক্রম করা হবে। যা দু’দেশের মাঝে শান্তি আলোচনাকে বাধাগ্রস্থ করবে। পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।
জায়নবাদী ইসরাইলের মন্ত্রী যাচি হাঙ্গবি গতকাল (সোমবার, ১৬ জানুয়ারি) বলেন, এ পদক্ষেপ বাস্তবায়নে বাধা দেয়ার ক্ষমতা ফিলিস্তিনিদের নেই।
তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন: তারা কি পদক্ষেপ নিতে পারে? কিইবা করতে পারে তারা?
আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করতে যাওয়া নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে, ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাসকে তেলআবিব থেকে সরিয়ে কুদস (জেরুজালেম)-এ নিয়ে আসবেন। যে শহরটিকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত ভূখণ্ডের রাজধানী হিসেবে জ্ঞান করে।
এদিকে এ সিদ্ধান্তের ফলে ক্ষোভে ফুঁসছে ফিলিস্তিনের জনগণ। আন্তর্জাতিক সমাজের দৃষ্টিতে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনিদের থেকে দখল করে নেয়া ভূখণ্ডের অংশ। বিশ্বের অনেক দেশই এ শহরকে জায়নবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না।
বাইতুল মোকাদ্দাসকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি স্বতন্ত্র সরকার গঠনের চেষ্টা করছে ফিলিস্তিনিরা বহু বছর ধরে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আইরো এদেশের ৩নং চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব উস্কানিমূলক, এর পরিণতি হবে ভয়াবহ।
মাহমুদ আব্বাস হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তার সরকার ইসরাইলকে স্বীকৃতি দেবে না।
মাহমুদ আব্বাসের জবাবে হাঙ্গবি বলেন, এ সিদ্ধান্ত আত্মহুতির পার্যায়ে পড়ে।
জায়নবাদী ইসরাইলি এ মন্ত্রী আরও বলেছেন: এটা হুমকি নয়। এর অর্থ হচ্ছে অস্ত্র তুলে নিয়ে নিজের মাথায় গুলি করা।
দখলকৃত কুদস অঞ্চলে মার্কিন দূতাবাস সরিয়ে আনলে তা ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা’র জন্ম দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
এ সম্পর্কে হাঙ্গবি বলেন: নতুন ইন্তিফাদা’র সূচনার প্রতি আবু মাযেনের (মাহমুদ আব্বাস) কোন আগ্রহ আছে বলে আমি মনে করি না। ফিলিস্তিনিরাও আরেকটি ইন্তিফাদাকে স্বাগত জানাবে বলে আমার মনে হয় না।
তিনি বলেন: অন্যান্য দেশ তাদের দূতাবাস তেলআবিবে রাখবে।
তিনি বলেন: এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার ঘনিষ্ট সম্পর্কেরই বহিঃপ্রকাশ।# প্রেসটিভি