২০ জানুয়ারি ২০১৭ - ১৩:১৩
‘ইয়াবা রোধ করা না গেলে প্রজন্ম গ্যাপ তৈরি হবে’

মাদকের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাম্পেইন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আবনা ডেস্ক: মাদকের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাম্পেইন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গ্রামে গ্রামে ইয়াবা পৌঁছে গেছে। এসব সেবনে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অচিরেই যদি ইয়াবা রোধ করা না যায়, তবে একটা প্রজন্ম গ্যাপ তৈরি হবে। রাজনীতিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা শুধু রাজনৈতিক বক্তৃতা দেবেন না। মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন গড়ে তুলবেন। নিজ নিজ এলাকা মাদকমুক্ত করে তুলবেন। মনে রাখবেন, তথাকথিত রাজনীতিকরা সময়-পরবর্তী নির্বাচনের কথা ভাবে। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন।
এর আগে সকালে পুনর্মিলনী অনুষ্ঠানের দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। উদ্বোধনী আয়োজনের সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ।