২৮ জানুয়ারি ২০১৭ - ০০:৪৭
বাহরাইনে জুমআর নামাযে বাধা, ব্যাপক বিক্ষোভ

গতকালও বাহরাইনের দিরাজ অঞ্চলে জুমআর নামাযে বাধা দিয়েছে এদেশের নিরাপত্তা বাহিনী। জবাবে বিক্ষোভ প্রদর্শন করেছে ক্ষুব্ধ মুসল্লিরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাহরাইনের রাজধানী মানামা’র পার্শ্ববর্তী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঐ এলাকার জনগণ।

দেশের উত্তরাঞ্চলীয় দিরাজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা। এ সময় বিক্ষোভকারীরা মানামা’র বেশ কয়েকটি সড়ক অবরোধ করে।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের বাড়ির সামনে অনশনরত তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েজন আহত হয়।

এদিকে, গতকালসহ ৩২ সপ্তাহ যাবত অবরুদ্ধ দিরাজ অঞ্চলে জুমআর নামাযে বাধা দিয়েছে দেশটির স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা।

বিগত দুই সপ্তাহ যাবত দিরাজ অঞ্চলের চারপাশের নিরাপত্তা জোরদার করেছে এবং গতকালও (শুক্রবার, ২৭ জানুয়ারি) মুসল্লিদের জুমআর নামায আদায়ে বাধা দিয়েছে।

এ নিয়ে ৩২ সপ্তাহ ইমাম সাদিক (আ.) মসজিদে জুমআর নামাযে বাধা দিচ্ছে বাহরাইন সরকার। মুসল্লিরা প্রতি শুক্রবার জুমআর নামাযের উদ্দেশ্যে এসে ফুরাদা নামায আদায় করে ফিরে যেতে বাধ্য হয়।

প্রসঙ্গত, গত ৭ মাস আগ থেকে বাহরাইনের আধ্যাত্মিক নেতা ও বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর থেকে দিরাজ অঞ্চলটিকে অবরুদ্ধ করে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঐ অঞ্চলে বাহরাইনি এ নেতার বাসভবন।#