২ মার্চ ২০১৭ - ১৬:৪৫
খুলনায় ফাতেমা (আ.)-এর শাহাদত বার্ষিকী পালিত হচ্ছে

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নবি কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে আঞ্জুমানে পাঞ্জাতানি খুলনার উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।

হুজ্জাতুল ইসলাম রাজাভি তার বক্তব্যে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর বেলায়াত এবং তাঁর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন। শোক মজলিশ শেষে আযাদাররা মাতম করতে করতে ইমামবাড়ি প্রাঙ্গন প্রদক্ষিণ করে পূনরায় ইমামবাড়িতে ফিরে আসেন।

এদিকে, আগামীকাল শুক্রবার (৩ মার্চ) সকালে এ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে ইমাম মাহদি (আ.) ইয়থ। শুক্রবার সকালে দোয়ায়ে নুদবাহ তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচী শুরু হবে। এরপর হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর মাসায়েব পরিবেশিত হবে এবং সাথে তাঁর যেয়ারতও পাঠ করা হবে।

প্রসঙ্গত, ইসলামি শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আগামীকাল বাদ জুমআ বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে।#