২ এপ্রিল ২০১৭ - ১৬:৩৪
ইরাকের পশ্চিমাঞ্চলে দায়েশের যুদ্ধমন্ত্রী নিহত

আবু বকর আল-বাগদাদির পর দায়েশের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ও সন্ত্রাসী এ গ্রুপের যুদ্ধমন্ত্রী ‘আইয়াদ হামেদ আল-জামিলি’ ওরফে ‘আবি ইয়াহিয়া’ ইরাকের আল-আনবার প্রদেশে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের পশ্চিমাঞ্চলে দায়েশের (আইএসআইএল) শীর্ষ এ কমান্ডারের নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে ইরাকের বিমান বাহিনী। আল-আনবার প্রদেশে পরিচালিত একটি বিমান হামলায় দায়েশের দ্বিতীয় শীর্ষ ব্যক্তির সাথে তাকফিরি এ সন্ত্রাসী গোষ্ঠির অপর দুই কমান্ডারও নিহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির আল-আনবার প্রদেশের পশ্চিমে আল-কায়েম এলাকায় দায়েশ সন্ত্রাসীদের একটি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইরাকি বাহিনী। হামলায় প্রাণ হারিয়েছেন, আবু বকর আল-বাগদাদির পর দায়েশের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ও সন্ত্রাসী এ গ্রুপের যুদ্ধমন্ত্রী ‘আইয়াদ হামেদ আল-জামিলি’ ওরফে ‘আবি ইয়াহিয়া’।

এদিকে, দায়েশের ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরাকি বিমান বাহিনীর হামলায় নিহতদের মাঝে দায়েশের সামরিক কমান্ডার ‘তুর্কি আল-দাইলামি’ ওরফে ‘আবি হাজার’ এবং দায়েশের প্রসাশনিক কমান্ডার ‘সালেম আল-আজামি’ ওরফে ‘আবি খাত্তাব’ও রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে দখল করে নেয়া ইরাকের বিভিন্ন এলাকাকে একে একে হাতছাড়া করছে সন্ত্রাসী এ গোষ্ঠি। পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে ইরাকি বিমান বাহিনীর হামলার মুখে পড়ে কোনঠাসা হয়ে পড়েছে মানবতা বিরোধী এ সন্ত্রাসীরা। বিগত কয়েক মাসে, মসুল শহরে সংঘর্ষ এবং ইরাকি বিমান বাহিনীর হামলায় সন্ত্রাসী এ গ্রুপের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারও নিহত হয়েছে।#