আবনা ডেস্ক: সিরিয়ার সরকারি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকার ও তাঁর মিত্র রাশিয়া। আসাদের কার্যালয় থেকে এ হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন কাজ’ বলে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
গত জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সামরিক সিদ্ধান্তে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই প্রথম সরাসরি হামলা চালাল। এতে করে সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধে আমেরিকার সরাসরি জড়িত হওয়ার মধ্য দিয়ে নাটকীয় উত্তেজনা শুরু হলো।
মার্কিন কর্মকর্তারা জানান, ভূমধ্যসাগরের শায়রাত বিমানঘাঁটির নৌজাহাজ থেকে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সিরিয়ার ওই সরকারি বিমানঘাঁটি ব্যাপক ক্ষতি হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিমানঘাঁটির কাছাকাছি থাকা গ্রামগুলোর চার শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও সৌদি আরব। যুক্তরাজ্য বলছে, তাঁরা এই হামলার ‘পুরো সমর্থন’ দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে কেবল এই হামলা যথেষ্ট নয়। আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় রাসায়নিক হামলায় ওই বিমানঘাঁটি ব্যবহার করা হচ্ছিল। ওই রাসায়নিক হামলায় গত মঙ্গলবার বেশ কয়েকজন নিহত হন।
রাশিয়া যুক্তরাষ্ট্রের ওই হামলার নিন্দা জানিয়েছে এবং পাশাপাশি দেশটি সিরিয়াকে কেন্দ্র করে মধ্য আকাশে সংঘর্ষ এড়াতে করা এক চুক্তি স্থগিত করেছে।
গত মঙ্গলবার ইদলিব প্রদেশের সরকারী বিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে গ্যাস হামলায় শিশুসহ কমপক্ষে ৮০ জন বেসামরিক লোকের মৃত্যু হয়। সিরিয়া সরকারের বিরোধী জঙ্গী গোষ্ঠী এবং পশ্চিমা শক্তিগুলোর দাবী, সিরিয়া সরকার ওই হামলাটি চালায়। তবে সিরিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
পেন্টাগন বলছে, হামলায় হতাহতের ঘটনা এড়াতে তারা সব ধরনের পূর্বসতর্কতা নেয়। রাশিয়ার সামরিক বাহিনীকেও বিষয়টি জানানো হয়।
এদিকে এই হামলার জবাবে রাশিয়ার সামরিক বাহিনী ‘সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে উন্নত ও শক্তিশালী করতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে।#
৯ এপ্রিল ২০১৭ - ০০:৫৭
News ID: 822759
সিরিয়ার সরকারি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকার ও তাঁর মিত্র রাশিয়া।