আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত এবং একজন আহত হয়েছেন। ফ্রেসনো কাউন্টির এই ঘটনাকে পুলিশ ‘বর্ণবাদী হামলা’ হিসেবে সন্দেহ করছে। গত মঙ্গলবার সকালে মাত্র দেড় মিনিটের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জেরি ডায়ার বলেন, হামলাকারীর নাম কোরি আলী মুহাম্মদ। তিনি মাত্র ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি করেন। হামলার পর গ্রেপ্তারের সময় তিনি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছেন না পুলিশ কর্মকর্তা ডায়ার। তাঁর ধারণা, এটি একটি ‘বর্ণবাদী’ হামলা।
পুলিশ প্রাথমিক তদন্তে দেখেছে, কৃষ্ণাঙ্গ কোরি আলী অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে শ্বেতকায়দের প্রতি ঘৃণা প্রকাশ এবং সরকারবিরোধী মনোভাব ব্যক্ত করেছিলেন।
গত সপ্তাহে ফ্রেসনো কাউন্টিতেই একটি হোটেলের সামনে এক নিরাপত্তা রক্ষীকে খুন করার অভিযোগে ৩৯ বছর বয়স্ক কোরিকে খুঁজছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে এখন চারটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টার অভিযোগে বিচার হবে বলে জানিয়েছে পুলিশ।
ফ্রেসনোর এক মুসলিম নেতা বলেছেন, কোরি আলী মুহাম্মদ স্থানীয় মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না।পুলিশ কর্মকর্তা ডায়ার বলেন, যতজন বেশি সম্ভব ততজনকে খুন করতে চেয়েছিলেন কোরি আলী। দুই ঘটনায় তাঁর হাতে নিহত চারজনই শ্বেতাঙ্গ। এর মধ্যে একজনকে গাড়িতে থাকা অবস্থায় গুলি করা হয়েছে।
২০ এপ্রিল ২০১৭ - ০৩:০৫
News ID: 824903
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত এবং একজন আহত হয়েছেন।