২২ মে ২০১৭ - ২৩:৫০
রিয়াদ ঘোষণায় ইরানবিরোধী অবস্থানের প্রতিফলন

মূলত ২০১৫ সালে গঠিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বেশির ভাগ দেশসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরও কয়েকটি দেশের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নেন। জোটের অন্যতম শরিক বাংলাদেশকে ইরানবিরোধী অবস্থান ও অতিরিক্ত সেনার বাহিনীতে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা।

আবনা ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শেষ হওয়া আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনের ঘোষণায় ইরানের বিরুদ্ধে জোরালো অবস্থানের প্রতিফলন ঘটেছে। আরব-ইসলামিক-মার্কিন অংশীদারত্ব নিবিড় হওয়ার ওই রিয়াদ ঘোষণায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্টের জন্য ইরানকে সরাসরি দায়ী করা হয়েছে। ইরানকে সন্ত্রাস ও জঙ্গিবাদে অব্যাহতভাবে মদদদানকারী হিসেবে অভিহিত করে দেশটির সব ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম যৌথভাবে দমনের অঙ্গীকার করা হয়েছে।
গত রোববার রিয়াদে বাংলাদেশসহ ৫৫ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের ওই শীর্ষ সম্মেলনের পর প্রচারিত ঘোষণায় যেকোনো সময় ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযানে সহযোগিতার জন্য বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ৩৪ হাজার সেনার অতিরিক্ত বাহিনী গড়ে তোলার কথাও বলা হয়েছে। মূলত ২০১৫ সালে গঠিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বেশির ভাগ দেশসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরও কয়েকটি দেশের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নেন। জোটের অন্যতম শরিক বাংলাদেশকে ইরানবিরোধী অবস্থান ও অতিরিক্ত সেনার বাহিনীতে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা।
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, রিয়াদ ঘোষণার অন্তত দুটি বিষয় নিয়ে প্রশ্ন আছে। প্রয়োজন হলে যেকোনো সময় ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযানে সহযোগিতার জন্য বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ৩৪ হাজার অতিরিক্ত সেনার বাহিনী গড়ে তোলার কথা বলা হয়েছে। বাংলাদেশ এই বাহিনীতে যোগ দেবে কি না, সেটাও স্পষ্ট করা উচিত।
রিয়াদ ঘোষণায় ইরানবিরোধী অবস্থান এত দিনকার শিয়া-সুন্নি বিরোধকে আরও উসকে দিল বলে মনে করেন আ ন ম মুনীরুজ্জামান। তাঁর মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো সিদ্ধান্তের সঙ্গে যুক্ত না হওয়াই কাম্য।
তবে গতকাল সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের কয়েকজন কূটনীতিক প্রথম আলোকে বলেন, সাধারণত এ ধরনের কোনো শীর্ষ সম্মেলনের ঘোষণা চূড়ান্ত করার সময় সব দেশের মতামত নেওয়া হয়। কিন্তু সৌদি আরব এককভাবে রিয়াদ ঘোষণা তৈরি করেছে।
ঘোষণায় ইরানবিরোধী অবস্থান ও অতিরিক্ত বাহিনীর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশের এক জ্যেষ্ঠ কূটনীতিক এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশ কোনোভাবেই অন্য কারও বিরোধের অংশ হবে না। রোববার সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত যে বক্তৃতা প্রচার করা হয়েছে, সেটাই বাংলাদেশের অবস্থান। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য প্রধানমন্ত্রী চারটি প্রস্তাব দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন দূর করা এবং আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করা। এখানে তিনি বিভাজন বলতে শিয়া-সুন্নি বিরোধকে বুঝিয়েছেন। আর সৌদি জোটে সেনা না পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
রিয়াদে কর্মরত বাংলাদেশের এক কূটনীতিক এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে বলেন, রোববারের শীর্ষ সম্মেলন নির্ধারিত সময়ের দেড় ঘণ্টার বেশি সময় পরে শুরু হয়েছিল। তাই সময়ের স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী বক্তৃতা দেননি।
জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মূলত জনশক্তি রপ্তানির গুরুত্বের কারণে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময় বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বের। তার মানে এই নয় যে সৌদি আরবের সঙ্গে ইরানের বিরুদ্ধে বিরোধে জড়িয়ে পড়বে বাংলাদেশ। শিয়া-সুন্নি বিরোধের উল্লেখ না করেই প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় মুসলিম দেশগুলোর মধ্যে যে বিভেদ আছে, তা দূর করার কথা বলেছেন। তাঁর মতে, এ ধরনের কোনো সম্মেলনের ঘোষণা সাধারণত সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়। যার অর্থ হচ্ছে ঘোষণার ব্যাপারে সব পক্ষের সমর্থন আছে। রিয়াদ ঘোষণায় জোটের সব অংশীদারদের মতামত ছাড়া এককভাবে চূড়ান্ত করলে অন্য কথা।