আবনা ডেস্ক: ইসরাইলি কারাগারগুলোতে বন্দি প্রায় দেড় হাজার ফিলিস্তিনি ৪০ দিন পর তাদের গণঅনশন ভেঙেছেন। কারা কর্তৃপক্ষ তাদের কিছু দাবি মেনে নেয়ায় সমঝোতার ভিত্তিতে তারা এই আন্দোলনের সমাপ্তি টানেন। সমঝোতা অনুযায়ী, এখন থেকে প্রতি মাসে দুইবার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বন্দি ফিলিস্তিনিরা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স, আল-জাজিরা
ইসরাইলের কারাগারগুলোতে মানবিক সংকটের প্রতিবাদে গত ১৭ এপ্রিল থেকে গণঅনশন শুরু করেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি বন্দি।
অনশনকারীদের দাবিগুলোর মধ্যে ছিল পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয়া, মাসে দু'বার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ পুনর্বহাল করা, পরিবারের দ্বিতীয় পর্যায়ের সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ দেয়া, সাক্ষাতের সময় বাড়ানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেয়া। সেই সঙ্গে কারাগারে চিকিৎসাসেবার মান বাড়ানোর দাবি করেন বন্দিরা।
শুরুতে এসব দাবি মানতে রাজি ছিল না ইসরাইলি কর্তৃপক্ষ। কিন্তু ফিলিস্তিনি বন্দিরা তাদের টানা অনশন চালিয়ে গেছেন। ৪০ দিন পর দু'পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং স্থানীয় সময় শুক্রবার রাতে অনশন ভাঙতে রাজি হন বন্দিরা।
উল্লেখ্য, ১৯৬৭ সালের পর থেকে ইসরাইলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।
২৮ মে ২০১৭ - ১৬:১৬
News ID: 832564
ইসরাইলি কারাগারগুলোতে বন্দি প্রায় দেড় হাজার ফিলিস্তিনি ৪০ দিন পর তাদের গণঅনশন ভেঙেছেন।