১৫ জুন ২০১৭ - ০৯:৩১
লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১২

৬০০ থেকে ৮০০ লোকের আবাস গ্রেনফেল টাওয়ার নামের এই আবাসিক ভবনটিতে আগুন লাগে স্থানীয় সময় গত মঙ্গলবার রাত একটার দিকে। ফায়ার সার্ভিস বলেছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আবনা ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নর্থ কেনসিংটনে ২৪ তলা এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। অন্তত ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। লন্ডন ফায়ার সার্ভিস অতি দ্রুত ছড়িয়ে পড়া এ অগ্নিকাণ্ডকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছে।
৬০০ থেকে ৮০০ লোকের আবাস গ্রেনফেল টাওয়ার নামের এই আবাসিক ভবনটিতে আগুন লাগে স্থানীয় সময় গত মঙ্গলবার রাত একটার দিকে। ফায়ার সার্ভিস বলেছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কানডি গতকাল স্থানীয় সময় বিকেলে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২ হওয়ার খবরটি নিশ্চিত করে বলেছেন, ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কার্যক্রম বেশ সময়সাপেক্ষ ও জটিল হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের বেশ কিছুসংখ্যক বাসিন্দা নিখোঁজ ছিলেন। ভবনের কোনো কোনো স্থানে তখনো আগুন জ্বলছিল।
পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কানডি আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমি আর কাউকে জীবিত উদ্ধারের আশা করতে পারছি না।’
লন্ডন ফায়ার ব্রিগেডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টিভ অ্যাপটার গতকাল স্থানীয় সময় বিকেলে বলেন, আগুন জ্বলতে থাকায় ভবনের কিছু জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া ভবনের বাকি অংশগুলোয় অনুসন্ধান চালানো হয়েছে। তিনি আরও জানান, অনুসন্ধান কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
আগুন পুরো ভবন গ্রাস করে ফেলায় ও দীর্ঘ সময় ধরে তা জ্বলতে থাকায় ভবনটি ধসে পড়ার আশঙ্কাও করা হচ্ছিল। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনের ভেতর তল্লাশি চালাচ্ছিলেন।
গ্রেনফেল টাওয়ারে অন্তত ১২০টি ফ্ল্যাট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর আটকে পড়া লোকজন আর্তনাদ করতে থাকেন। চিৎকার করে আহ্বান জানাতে থাকেন বাচ্চাদের উদ্ধারে এগিয়ে আসার জন্য।
জোডি মার্টিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আটকে থাকা লোকজন চিৎকার করে বলছিলেন, তাঁদের বাইরে বের হওয়ার উপায় নেই। করিডর ধোঁয়ায় ভরে আছে।’
আগুন লাগার পর দ্রুতই তা গোটা ভবনে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
১৯৭৪ সালে নির্মিত ভবনটি গত বছর ১ কোটি ১০ লাখ ডলার ব্যয়ে সংস্কার করা হয়। সংস্কারকাজের সময় ব্যবহৃত উজ্জ্বল হলুদ রঙের আবরণী আগুন অস্বাভাবিক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বহুতল ভবনটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে কয়েকবার প্রশ্ন তুলেছিল এলাকাবাসী।

বাংলাদেশি পরিবার নিখোঁজ
প্রথম আলোর লন্ডন প্রতিনিধি জানান, ২৪ তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে বসবাসরত একটি বাংলাদেশি বংশোদ্ভূত পরিবার নিখোঁজ রয়েছে। ভবনটির একটি ফ্ল্যাটে কমরু মিয়া (৮০), তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে থাকতেন।
আজমল মাসরুর নামে ওই বাংলাদেশি পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি প্রথম আলোকে বলেন, কমরু মিয়া তাঁর পরিবার নিয়ে গ্রেনফেল টাওয়ারের ১৭ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। কমরু মিয়ার পৈতৃক বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কৈয়াছড়া গ্রামে।