৫ অক্টোবর ২০১৭ - ১৩:০৮
ইরাকে আইএসের গুরুত্বপূর্ণ হাওয়াইজা ঘাঁটির পতন

জঙ্গিগোষ্ঠী দায়েশের কাছ থেকে হাওয়াইজার পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে দায়েশের গুরুত্বপূর্ণ আরও একটি ঘাঁটির পতন ঘটল।

আবনা ডেস্কঃ জঙ্গিগোষ্ঠী দায়েশের কাছ থেকে হাওয়াইজার পুনর্দখল নিয়েছে ইরাকি বাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে দায়েশের গুরুত্বপূর্ণ আরও একটি ঘাঁটির পতন ঘটল।
বৃহস্পতিবার ইরাকি বাহিনী হাওয়াইজা পুনর্দখলের দাবি করে। খবর এএফপি ও রয়টার্সের।
ইরাকের পশ্চিম সীমান্তের পাশে বিস্তীর্ণ এলাকাটিতে এই একটি শহরই দায়েশের নিয়ন্ত্রণে ছিল। শহরটি ইরাকের তেলসমৃদ্ধ শহর কিরকুকের নিকটবর্তী।
হাওয়াইজার নিয়ন্ত্রণ হারানোর পর দায়েশ এখন ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল কায়িম ও এর আশপাশের এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। এছাড়া সীমান্তের ওপারে সিরিয়ার কিছু অংশও তাদের নিয়ন্ত্রণে আছে।
রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় হাওয়াইজা থেকে দায়েশকে হটাতে ২১ সেপ্টেম্বর অভিযান শুরু করে ইরাকি সরকারি সেনা ও ইরান-সমর্থিত মোবিলাইজেশন ফোর্স।
এ অভিযানের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল আবদেল আমির ইয়ারাল্লাহ।
বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর নবম আর্মড ডিভিশন, ফেডারেল পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স ডিভিশন এবং মোবিলাইজেশন ফোর্স (স্বেচ্ছাসেবী বাহিনী) হাওয়াইজাকে মুক্ত করেছে।
দায়েশের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে জানান এই জেনারেল।
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে জঙ্গিগোষ্ঠী দায়েশের উত্থান ঘটে। তারা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কথিত খেলাফতের ঘোষণা দেয়।
তবে গত বছর থেকে দুই দেশেই কোণঠাসা হয়ে পড়ে দায়েশ। বিশেষ করে নয় মাসের লড়াইয়ের পর এ বছরের জুলাই মাসে ইরাকি বাহিনীগুলো মসুল পুনরুদ্ধার করলে জঙ্গিগোষ্ঠীটি ধসে পড়ে।#