আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকি কমান্ডার বলেন, হাওয়াইজা মুক্তকরণ অভিযানে আমরা ১৫০টি গ্রামের উপর নিয়ন্ত্রণ লাভে সক্ষম হয়েছি এবং অভিযানে ৩৮৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
অভিযানের নেতৃত্ব দানকারী লেফটেন্যান্ট জেনারেল আবদেল আমির ইয়ারাল্লাহ জানিয়েছেন, অভিযানে ৯৫টি গাড়ি বোমা এবং ৪২০টি মাইন নিষ্ক্রিয় করা হয়েছে এবং সন্ত্রাসীদের ২০টি স্থাপনা ও ৫টি অস্ত্র তৈরীর কারখানাও ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র আমাদের হস্তগত হয়েছে। পাশাপাশি আমরা ১০টি অস্ত্র ও যুদ্ধের সরঞ্জামের গুদাম, বোমা স্থাপিত ১৫টি স্থাপনা, ১০টি ট্যানেল এবং ৫টি যোগাযোগ কেন্দ্র ধ্বংস করতে সক্ষম হয়েছি। এছাড়া ২৪০ জন আশ্রয়হীন সাধারণ মানুষের জন্য আমরা আশ্রয়ের ব্যবস্থা করতে পেরেছি।
এদিকে, কিরকুক প্রদেশের স্থানীয় এক সূত্র গতকাল (৮ অক্টোবর) জানিয়েছেন, দায়েশের স্নাইপার রাইফেল পরিচালনার প্রশিক্ষক ‘আবু আব্দুল্লাহ আল-তাজিকি’সহ বেশ কয়েকজন সন্ত্রাসী বিমান হামলায় নিহত হয়েছে।
প্রসঙ্গত, হাওয়াইজা শহরটি সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার পর এ কথা বলা যায় যে, ইরাক থেকে দায়েশ সম্পূর্ণরূপে পশ্চাদপসারণ করেছে। বর্তমানে তাকফিরি এ সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অবস্থান সিরিয়া-ইরাক সীমান্তের কিছু কিছু এলাকায় সীমাবদ্ধ হয়েছে।
দায়েশ নির্মূলে কমপক্ষে ১০ বছর সময় প্রয়োজন বলে পশ্চিমা বিভিন্ন দেশ যে মন্তব্য করেছিল, ইরাকের সরকারি ও গণবাহিনী অত্যন্ত দ্রুত ও স্বল্প খরচে পরিচালিত কিছু অভিযানের মাধ্যমে দায়েশের হুমকি থেকে ইরাককে মুক্ত করতে সক্ষম হয়েছেন।#
৯ অক্টোবর ২০১৭ - ০০:৫৪
News ID: 859147
হাওয়াইজা মুক্তকরণ অভিযানের নেতৃ্ত্ব দানকারী কমান্ডার এ অভিযানের বিষয়ে বিবরণ দিয়েছেন।