২৯ অক্টোবর ২০১৭ - ১৬:০৫
সীমা লঙ্ঘন করবেন না: আমেরিকাকে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, বিশ্বের দাম্ভিক শক্তি ইরানে হামলার সাহস করবে না।

আবনা ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, বিশ্বের দাম্ভিক শক্তি ইরানে হামলার সাহস করবে না। কারণ ইরানের প্রতিরক্ষা শক্তি মোকাবিলার ক্ষমতা শত্রুদের নেই। এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তিনি আরও বলেন, "আমরা নিজেদের রক্ষার জন্য সামরিক সরঞ্জাম তৈরি করেছি। কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা আমাদের নেই।"
সাইয়্যারি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বিদেশি বাহিনীর প্রয়োজন নেই। ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-ই সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। বিদেশি বাহিনীর কারণে এ অঞ্চলে অনিরাপত্তা সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। মার্কিন বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, "আপনারা সীমা লঙ্ঘন করবেন না"।
ইরানের নৌবাহিনীর প্রধান আরও বলেন, মধ্যপ্রাচ্যে নিজের উপস্থিতি বজায় রাখতে মার্কিন বাহিনী এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অনিরাপত্তা জিইয়ে রেখেছে।#