১৪ নভেম্বর ২০১৭ - ১৬:২৩
হ্যাকিংয়ের শিকার দায়েশের ওয়েব সাইট আমাক

আমাক ওয়েব সাইটটি হ্যাক করা অসম্ভব বলে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ যে দাবি করেছিল, কয়েক ঘন্টার মধ্যে মুসলিম হ্যাকারদের একটি দল তার জবাব প্রদান করেছে এবং ওয়েব সাইটটি হ্যাক করে তাতে বিদ্যমান ২ হাজারেরও বেশি ইমেইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দায়েশের গুরুত্বপূর্ণ ওয়েব সাইট আমাক হ্যাক করেছে মুসলিম একদল হ্যাকার।

“Di5s3nSion” নামধারী একটি হ্যাকার টিম তাকফিরি সন্ত্রাসীদের সবচেয়ে সুরক্ষিত ওয়েব সাইটটি হ্যাক করে তা থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যে সকল তথ্য ঐ ওয়েব সাইট থেকে উদ্ধার করা গেছে সেগুলোর মধ্যে রয়েছে দায়েশের প্রায় ২ হাজার সদস্যের ই-মেইল এ্যাড্রেস।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ দাবি করেছিল যে, তাদের এ ওয়েব সাইটটির নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কোনভাবেই এটাকে হ্যাক করা সম্ভব নয়।

এদতসত্ত্বেও মুসলিম হ্যাকাররা ঐ ওয়েব সাইটের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে সাইটটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সক্ষম হয়েছে। হ্যাকাররা এ সময় দায়েশের উদ্দেশ্যে অবমাননাকর কিছু বাক্যও লিখে দেয় ওয়েব সাইটটির ফ্রন্ট পেইজে।

দায়েশ সন্ত্রাসীদের উদ্দেশ্যে লেখা ঐ বাক্যগুলোতে হ্যাকাররা, দায়েশকে তাদের বিভিন্ন অপরাধকর্মের কারণে হিংস্র পশু এবং ভীতু হওয়ার কারণে সাঁপের সাথে তুলনা করেছে।

প্রসঙ্গত, ‘আমাক’ দায়েশের সবচেয়ে প্রসিদ্ধ ওয়েব সাইট। এর মাধ্যমে দায়েশ বিভিন্ন অঞ্চলে হত্যাকাণ্ড ও হামলার দায় স্বীকার করতো। পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে দায়েশের তৎপরতা বিষয়ক সংবাদ প্রকাশিত হত সাইটটিতে।#