আবনা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারের ওপর গত পাঁচ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ।
ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশটির বিমান যোগাযোগও ব্যাপক বাধার মুখে পড়েছে।
কিন্তু এ অবস্থা সত্ত্বেও কাতার এখন হাজার গুণ ভালো আছে বলে জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
মঙ্গলবার কাতারের সংসদের উচ্চ কক্ষ শূরা পরিষদে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শেখ তামিম বলেন, আমরা অবরোধের ভয় করি না, তবে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি জানান, তার সরকার কয়েকটি খাদ্য নিরাপত্তা প্রকল্প চালুর জন্য কাজ করছে এবং আরব মিত্রদের সহযোগিতা ছাড়াই ভবিষ্যতে পথ চলার জন্য পানির নিরাপত্তার জন্য বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।
শেখ তামিম তার দেশকে আরও বেশি গণতান্ত্রিক করে তোলার বিষয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শূরা পরিষদের জন্য এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সদস্যরাই কেবল শূরা পরিষদে দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ পরিষদের ৪৫ মনোনীত সদস্য দায়িত্ব পালন করছেন।
কাতারের শূরা পরিষদের এ অধিবেশনে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।
এর পর থেকে দোহাকে খাদ্য ও জরুরি পণ্য সরবরাহ করে আসছে ইরান ও তুরস্ক। সম্প্রতি স্পেনও খাদ্য সরবরাহ কার্যক্রমে যোগ দিয়েছে।
১৫ নভেম্বর ২০১৭ - ১৫:০২
News ID: 867046
মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারের ওপর গত পাঁচ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ।