২৩ ডিসেম্বর ২০১৭ - ১৭:২১
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে ৫ ইয়েমেনি শিশু হতাহত

সৌদি জোটের যুদ্ধ বিমান থেকে নিক্ষেপের পর অক্ষত অবস্থায় থাকা বিস্ফোরকের বিস্ফোরণে হতাহত হয়েছে ৫ ইয়েমেনি শিশু।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হাদিদা প্রদেশের সাখনাহ শহরে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে সৌদি জোট বাহিনীর যুদ্ধ বিমান থেকে নিক্ষেপের পর অক্ষত অবস্থায় থাকা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত ৪ ইয়েমেনি শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় অপর এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, হাদিদা প্রদেশের বাইতুল ফাকীহ জেলার উপকূলবর্তী আল-জাহ এলাকায় একটি ট্রাককে লক্ষ্য করে চালানো সৌদি বিমান হামলায় ইয়েমেনের ৩ জন সেনা প্রাণ হারিয়েছে।

এছাড়া, সানহান জেলার আল-ওয়াহদা এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় ২ শিশু ও এক নারী আহত হয়েছেন এবং বাড়ীটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।#