আবনা ডেস্কঃ ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে উস্কানিমূলক লেখালেখির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় এক ব্লগারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আসাদুজ্জামান নূর (আসাদ নূর) নামের ওই ব্লগারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি বাংলার।
পুলিশ বলছে, হযরত মুহাম্মদকে (সা:) অবমাননার অভিযোগে ওই ব্লগারকে গ্রেফতার করা হয়েছে। বরগুনার আমতলীতে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ওই ব্লগারকে গ্রেফতার করা হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, আসাদ নুর ফেসবুক, ইউটিউব এবং ব্লগে অডিও-ভিডিও এবং লেখনীর মাধ্যমে ইসলামের অবমাননা করেছেন, এমন অভিযোগে জানুয়ারি মাসে একটি মামলা হয়। বিষয়টি তদন্ত করে দেখার পর থেকে পুলিশ আসাদ নুরকে খুঁজছিল।
তিনি বলেন, আসাদ নুর যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য পুলিশ ইমিগ্রেশনে অ্যালার্ট দিয়ে রেখেছিল। সে প্রেক্ষাপটে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ঢাকার বিমানবন্দর থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, আসাদ নুর সোমবার কাঠমান্ডু যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। এখন সংশ্লিষ্ট থানা তাকে আদালতে উপস্থাপন করবে।
২৭ ডিসেম্বর ২০১৭ - ০১:২৯
News ID: 874381
ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে উস্কানিমূলক লেখালেখির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় এক ব্লগারকে গ্রেফতার করেছে পুলিশ।