১৩ জানুয়ারি ২০১৮ - ১৭:১২
ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি আরবের ৫ সেনা নিহত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সৌদি আরবের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে।

আবনা ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় সৌদি আরবের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। একটি অনলাইন পত্রিকা আজ (শনিবার) জানিয়েছে, নাজরান অঞ্চলে পেতে রাখা বোমার বিস্ফোরণে এক সেনা মারা গেছে।
এছাড়া, লন্ডন থেকে প্রকাশিত রাই-আল-ইয়াউম পত্রিকা জানিয়েছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও ইয়েমেনি স্নাইপারদের সঙ্গে সংঘর্ষে সৌদি আরবের অন্য চার সেনা মারা গেছে। নাজরান, জিজান ও আসির প্রদেশে এসব সেনা নিহত হয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে হুথি অনুগত সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের কয়েকটি সাঁজেয়া যান ধ্বংস করেছে।
এর আগে, গতকাল নাজরান প্রদেশে ইয়েমেনিদের পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণে সৌদি আরেবর তিন সেনা মারা গেছে। তার আগে বুধবার হুথি যোদ্ধারা নাজরান প্রদেশের একটি সৌদি সামরিক ঘাঁটি দখল করে নেয়।
এদিকে, সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী ইয়েমেনের সা'দা প্রদেশে এক নাগরিককে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় আরেক ইয়েমেনি আহত হয়েছে।#