আবনা ডেস্কঃ কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫৮ জন। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
এছাড়া ফরাসি বার্তা সংস্থা এএফপির টুইটার পোস্টেও ৯৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। অ্যাম্বেুলেন্স ব্যবহার করে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।
আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে এ হামলা হয়েছে। ওই এলাকায় ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয় রয়েছে।
রাস্তায় গণপরিবহনের কাছাকাছি ওই তল্লাশি চৌকিতে বিস্ফোরক বোঝাই একটি অ্যাম্বুলেন্স চালিয়ে হামলাকারী এ হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিদেশি দূতাবাস ও নগর পুলিশের সদর দপ্তরের কাছের ওই এলাকাটিতে যখন লোকজনের ভীড় ছিল তখনই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের মাত্রা এতোটা প্রবল ছিল যে ঘটনাস্থল থেকে ওঠা ধোঁয়ার কুন্ডুলি শহরের বিভিন্ন স্থান থেকে দেখা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
মাত্র এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলায় অন্তত ২২ জন নিহত হয়।
২৭ জানুয়ারি ২০১৮ - ১৬:১৭
News ID: 879471
কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫৮ জন।